Home » ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের

ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের

সময় কলকাতা ডেস্ক:- শনিবার ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক। বৈঠক করবে অভিষেক। এদিনের বৈঠকে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও উপস্থিত থাকবেন। গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয় ১৫ মার্চ শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভারচুয়ালি।

ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য স্ক্রুটিনি কমিটিও গড়ে দেন মমতা। তারপরই দিল্লি ও কলকাতায় নির্বাচন কমিশনের উপর চাপ তৈরির পাশাপাশি দলীয় স্তরেও এই নিয়ে তৎপরতা তুঙ্গে ওঠে তৃণমূলে। সেই সূত্রেই স্কুটিনি নিয়ে একগুচ্ছ নির্দেশ আগের বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন রাজ্য সভাপতি। শনিবারের বৈঠকে অভিষেক এ বিষয়ে কী বলেন এবং আরও কী নির্দেশ দেন, সবার নজর সেদিকেই।

এদিকে দেশের রাজধানী নিউদিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। আর এদের প্রত্যেকের কাছ থেকে মিলেছে পশ্চিমবাংলা থেকে তৈরি করা ভোটার কার্ড, আধার কার্ড। অন্যদিকে এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্র সরকার চলতি সপ্তাহে নতুন বিল পেশ করেছে সংসদে কিন্তু সেই বিলের আবার বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস দ্বিচারিত করছে। ভুয়া ভোটারের নাম করে একটা উত্তেজনা, মিথ্যাচার শুরু করেছে অন্যদিকে অনুপ্রবেশকারী ঠেকাতে যে নয়া বিল পেশ করা হয়েছে তার বিরোধিতা করে আসলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসক দল।

About Post Author