Home » ‘পাকিস্তান প্রীতি’ তে মজে বাংলাদেশ, এরই মাঝে এপ্রিলেই মোদি-ইউনুস সাক্ষাৎ! কী জানাচ্ছে বিদেশমন্ত্রক?

‘পাকিস্তান প্রীতি’ তে মজে বাংলাদেশ, এরই মাঝে এপ্রিলেই মোদি-ইউনুস সাক্ষাৎ! কী জানাচ্ছে বিদেশমন্ত্রক?

সময় কলকাতা ডেস্ক:- শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। হাসিনার প্রত্যর্পণ দাবি, হিন্দু নির্যাতন-সহ একাধিক ইস্যুতে দুদেশের মধ্যে চাপানউতোর বেড়েই চলেছে। তার উপর মহম্মদ ইউনুস সরকারের ‘পাকিস্তান প্রীতি’ ও ‘চিন প্রীতি’ যথেষ্ট চিন্ত্যা বাড়িয়েছে ভারতের। পাশাপাশি, দিল্লিকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউনুসের উপদেষ্টারা। এই পরিস্থিতিতে আগামী এপ্রিল মাসে মুখোমুখী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস!

এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। দিল্লির সেফ হাউস থেকেই আওয়ামি লিগের নেতা-কর্মীদের তিনি বার্তা দিচ্ছেন মাঝেমধ্যেই। এনিয়ে মুজিবকন্যার বিরুদ্ধে তোপ দেগে নানা মন্তব্য করেছেন ইউনুস। কয়েকদিন আগেই হাসিনা বার্তা দিয়েছেন, ‘গণঅভ্যুত্থানে’র নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার তিনি করবেন। খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফিরবেন তিনি। আর মুজিবকন্যার এই হুঙ্কারে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউনুসের। এখন মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হলে হাসিনাকে ফেরত চেয়ে কী বার্তা দেন ইউনূস সেদিকেই নজর কূটনীতিকদের।

গত বছরের ৫ আগস্ট পতন হয় হাসিনার। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন মহম্মদ ইউনূস। আট মাস হয়ে গেলেও এখনও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি নমোর। গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন মোদি। সেখানে গিয়েছিলেন ইউনূসও। তখন অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সে সুযোগ তাঁর হয়নি।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী এপ্রিল মাসের ২ থেকে ৪ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। যাওয়ার কথা রয়েছে ইউনূসেরও। ফলে জল্পনা শুরু হয়েছে, এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই আলাদা করে বৈঠকে বসবতে পারেন দু’জনে। শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্নই করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনও তথ্য নেই।”

About Post Author