Home » এবার অনশন শুরু চাকরিহারাদের, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনশন

এবার অনশন শুরু চাকরিহারাদের, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনশন

সময় কলকাতা ডেস্ক:- বুধবার পুলিশের লাঠিচার্জ ‘লাথির’ প্রতিবাদে এ বার অনশনের ঘোষণা চাকরিহারাদের। রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থানরতরা এমনই ঘোষণা করলেন বৃহস্পতিবার সকালে। বুধবার রাত থেকে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। তাঁরাই এ দিন জানালেন, বৃহস্পতিবার থেকে অনশনে বসছেন তাঁরা। দাবি একটাই, দ্রুত রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিটের মিরর ইমেজ ও যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যতক্ষণ তা না প্রকাশ হবে, অনশন চলবে।

নদিয়ার নাকাশিপাড়ার একটি স্কুলের নবম-দশমের জীবনবিজ্ঞানের শিক্ষক সুমন বিশ্বাস। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তিনিও চাকরিহাদের দলেই। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন জানান, বুধবার আচার্য সদনে তাঁরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সঙ্গে দেখা করে ২০১৬ সালের প্যানেলের যোগ্যদের নির্ভুল, নিখুঁত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। ওএমআর কপিগুলোর মিরর ইমেজ, যা অনলাইনে রয়েছে, তাও প্রকাশের দাবি জানানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, কোনও দুর্নীতির অভিযোগ নেই, তারা কেন এই দুর্নীতির দায়ে শাস্তি ভোগ করব? তাই আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ না যোগ্যদের তালিকা, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ হবে, অনশনের কর্মসূচি চলবে।’

About Post Author