সময় কলকাতা ডেস্ক:- পহেলগাম জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীর আঁতুরঘর ধ্বংস হলেও এখনও উপত্যকায় গা-ঢাকা দিয়ে রয়েছে একাধিক জঙ্গি, এমনটাই খবর গোয়েন্দা রিপোর্টে। তাই অপারেশন সিঁদুর-এর পর জম্মু ও কাশ্মীরে এক টানা চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। মঙ্গলবারের সকালে সোপিয়ানে চিরুণি তল্লাশি চালানোর সময় শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই।
জানা গিয়েছে, সোপিয়ানের জঙ্গলে লুকিয়ে কমপক্ষে ৪ জঙ্গি। সেনার সঙ্গে লাগাতার চলছে গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষী। সেনা সূত্রে খবর, জঙ্গিদের মধ্যে রয়েছেন দু’জন বিদেশি জঙ্গিও। তবে এই জঙ্গিদের সঙ্গে পহেলগাম হামলার কোনও যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সেনার গুলিতে ইতিমধ্যে তিন লস্কর ই তৈবার জঙ্গির মৃত্যু হয়েছে।
ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনার অভিযানে ধ্বংস পহেলগামের জঙ্গি হামলার ষড়যন্ত্রকারীদের আঁতুরঘর। ধূলিসাৎ পুলওয়ামা থেকে পহেলগাম, কান্দাহার বিমান হাইজ্যাক থেকে ২৬/১১-এর মুম্বই হামলার ব্লু-প্রিন্ট তৈরি হওয়া সন্ত্রাসের কারখানা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গড়ে ওঠা লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ-সহ একাধিক জঙ্গি সংগঠনের ৯ ঘাঁটি ধ্বংস। কিন্তু এখনও অধরা পহেলগামের ঘাতকরা। ২২ এপ্রিল বৈসরনে হত্যালীলা চালানো তিন জঙ্গির খোঁজে পোস্টার ছাপাল পুলিশ।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় এদিন পহেলগাম হামলায় যুক্ত তিন জঙ্গির ছবির পোস্টার লাগিয়েছে পুলিশ। বলা হয়েছে, এই জঙ্গিদের খোঁজ দিতে পারলে দেওয়া হবে ২০ লাখ টাকা পুরস্কার। একইসঙ্গে পুলিশের তরফে আশ্বাস তথ্যদাতাদের পরিচয় একেবারেই গোপন রাখা হবে। জঙ্গিদের ধরতে এ বার সাধারণের সাহায্য চাইলেন তদন্তকারীরা।
পোস্টারে অনন্তনাগের বাসিন্দা আদিল হুসেন এবং দুই পাকিস্তানি নাগরিক – আলি ভাই ওরফে তালহা ভাই এবং হাশিম মুসা ওরফে সুলেমানের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাম শহর থেকে প্রায় ছয় কিমি দূরে অবস্থিত বৈসরন উপত্যকায় এক স্থানীয় বাসিন্দা সহ ২৬ জন পুরুষ পর্যটককে নৃশংস ভাবে হত্যা করে জঙ্গিরা। রীতিমতো নাম-ধর্ম পরিচয় খতিয়ে দেখে হত্যা করা হয় বলে দাবি। ২০১৯ সালে পুলওয়ামা হত্যাকাণ্ডের পর কাশ্মীর উপত্যকায় সবচেয়ে মারাত্মক হামলা বলে এই হামলাকে বর্ণনা করা হয়েছে। এই ঘটনার ভয়াবহতা দেখে শিউরে ওঠে গোটা দেশ।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!