Home » পরিবেশ দূষণ থেকে বাঁচতে অনন্য উদ্যোগ নিল নীলগঞ্জের বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত

পরিবেশ দূষণ থেকে বাঁচতে অনন্য উদ্যোগ নিল নীলগঞ্জের বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত

সময় কলকাতা ডেস্ক:- পরিবেশ দূষণ পৃথিবীর জন্য এক মারণ ব্যাধি। সভ্যতার অগ্রগতি হচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে ক্রমশ পরিবেশ দূষণ। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে একদিকে যেমন চলছে বন নিধনযজ্ঞ আর অন্যদিকে অসচেতন মানুষ ক্রমশ করছে পরিবেশকে দূষিত। ২০২৪-২৫ সালে কিউ-এয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত পরিবেশের দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের নাম। সবচেয়ে দূষিত দেশ হিসেবে প্রথমেই রয়েছে চাদ, বাংলাদেশ, পাকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং পাঁচ নম্বরে রয়েছে ভারত। দেশের রাজধানীর দিল্লির দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে, যে নিশ্বাস নিতে গেলে কষ্ট হয়।

ফলে সময় এসেছে দূষণ নিয়ন্ত্রণ করার। রিপোর্ট অনুযায়ী ১০০ বিলিয়ন টন বর্জ্য পদার্থ প্রতিবছর পৃথিবীর বুকে জমা হয়। সেটা আগামী ২০৫০ সালে ৩০৪ বিলিয়ন টনে পৌঁছে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা।

ইতিমধ্যে বিশ্বে উল্লেখযোগ্য ভাবে সাড়া ফেলে দিয়েছে জার্মানি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে জার্মানি। তারপরই রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারতের বিভিন্ন শহর, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরেও শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কিভাবে এই সলিড ওয়েস্ট রিসাইকেল অথবা অন্য কোনও কাজে লাগানো যায়। পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে উল্লেখযোগ্য ভাবে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে।

কিন্তু সবকিছুর আগে দরকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি। রাস্তাঘাট নোংরা না করা, আশেপাশেই জমে থাকা জল পরিষ্কার রাখার পদ্ধতি, যে সকল প্লাস্টিক রিসাইকেল হয় না, সেই সমস্ত প্লাস্টিক কিভাবে নষ্ট করা যাবে, সেই সম্পর্কেও সাধারন মানুষকে অবগত করার দরকার আগে।

এর জন্য দরকার বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সচেতনতা শিবির সংগঠিত করা। আর সেই উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের বেড়াবেরিয়া গ্রাম পঞ্চায়েত। রবিবার সকালে বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন বাজারের প্রতিনিধি, একাধিক ক্লাব সংগঠনের প্রতিনিধি, এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সংঘটিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লকের জয়েন্ট বিডিও।

তিনি উপস্থিত প্রতিনিধিদের সামনে তুলে ধরেন কিভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা সম্ভব। রাজ্য সহ দেশের একাধিক পাহাড়ের বাসিন্দারা কিভাবে তাদের পাহাড়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে দিয়েছেন এবং তারা কিভাবে সচেতন হয়েছেন, সেই বিষয়টিও তুলে ধরেন প্রতিনিধিদের সামনে। সোমবার সকালে আমডাঙ্গা ব্লকের বিডিও নবকুমার দাসের নেতৃত্বে এবং বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিহর মন্ডলের তত্ত্বাবধানে পঞ্চায়েতের সদস্য গোবিন্দ ভৌমিক, মেঘনাদ, মন্ডল মনেশ বিশ্বাস সহ একাধিক পঞ্চায়েত সদস্য এবং আবাহনী সংঘ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে একটি পথ মিছিল অনুষ্ঠিত হয়।

যে মিছিল থেকে মূলত ব্যবসায়ীদের সচেতন করা হয় বর্জ্য পদার্থ কিভাবে তারা এক জায়গায় জমা করবেন এবং সেগুলো কিভাবে নষ্ট করা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জন নিয়েও সচেতন করা হয় ব্যবসায়ীদের।

About Post Author