সময় কলকাতা ডেস্ক:- দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে দালাল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মেখলিগঞ্জ থানার পুলিশ। সাধারণ পোশাকে গোপন অভিযানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে হানা দিয়ে ৪ জন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মেখলিগঞ্জ থানার ওসি মনিভূষণ সরকার।
পুলিস সূত্রে জানা গেছে, ধৃত মহিলারা বহির্বিভাগে ঘোরাফেরা করে রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহ করে তাঁদের বিভিন্ন বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা করানোর জন্য প্রলুব্ধ করত। এর ফলে রোগীদের আর্থিক ক্ষতি হচ্ছিল। বিনামূল্যে হাসপাতালেই যেখানে এই পরীক্ষা হওয়ার কথা, তা না করে বাইরের ল্যাবে গিয়ে টাকা খরচ করতে হচ্ছিল রোগী ও তাঁদের পরিবারকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহির্বিভাগ থেকে বের হতেই রোগীদের ঘিরে ধরে প্রেসক্রিপশন কার্যত কেড়ে নিত দালাল চক্রের প্রতিনিধিরা। এরপর নানা কথা বুঝিয়ে তাঁদের বাইরে নিয়ে গিয়ে পরীক্ষার জন্য রাজি করাত। এই কাজের বিনিময়ে তারা বিভিন্ন ল্যাব থেকে কমিশন পেত বলে অভিযোগ।
একজন রোগীর পরিজন শ্যামলচন্দ্র বর্মন বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা। পুলিসকে ধন্যবাদ যে আজ তাঁরা ব্যবস্থা নিয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী বলেন, এই অভিযান প্রশংসনীয়। নিয়মিত এমন অভিযান চালালে দালাল চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমবে।
হাসপাতালের সুপার ডা. তাপস দাস জানান, রোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা মাইকে প্রচার চালাচ্ছিলাম। পুলিশকে জানানো হয়েছিল। দালালরা হাসপাতালে ঘোরাফেরা করছিল। বাইরের ল্যাবে রক্ত পরীক্ষা করাচ্ছিল। এতে রোগীদের হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতিও হচ্ছিল।
এদিনের অভিযান প্রসঙ্গে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, অভিযোগ পাওয়ার পরেই আমরা পদক্ষেপ নিয়েছি। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে।
এই ঘটনার জেরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা এবং রোগীদের পরিবার পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি