সময় কলকাতা ডেস্ক:- নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। আগামী ২৮ জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিচ্যুতদের তরফে নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করা হলেও, সেই কর্মসূচি আটকাতে আগেভাগেই কড়া অবস্থান নিল প্রশাসন।
হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, গত ১২ জুলাই আন্দোলনকারীরা নবান্ন অভিযানের অনুমতির জন্য আবেদনপত্র জমা দেন। ১৫ জুলাই সেই আবেদন খারিজ করে আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।
কমিশনারের কথায়, “সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতির তরফে হাওড়া সিটি পুলিশকে পার্টি করে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় বিচারপতি মঙ্গলাহাট চত্বরে কোনও ধরনের জমায়েত বা কর্মসূচির ওপর স্থগিতাদেশ দিয়েছেন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষেধাজ্ঞা অমান্য হলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
সব মিলিয়ে ২৮ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে প্রশাসনের অবস্থান স্পষ্ট—যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের