সময় কলকাতা ডেস্ক:- ২২ আগস্ট বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় মেট্রোপথের উদ্বোধনে এসে মেট্রো চড়বেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড থেকে জয় হিন্দ স্টেশন যাবেন। আবার জয় হিন্দ থেকে মেট্রো চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন। সেখান থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছবেন। ওই মাঠেই প্রশাসনিক ও রাজনৈতিক সভা করার কথা তাঁর।
প্রায় দেড় বছর পর ফের কলকাতা সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মোদির সফরে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হবে। যদিও এই রুটের মূল পরিকল্পনা ছিল বারাসাত পর্যন্ত, তবে আপাতত নোয়াপাড়া, যশোহর রোড এবং জয়হিন্দ স্টেশনের মধ্যে মেট্রো চলবে। রেল মন্ত্রকের খবর অনুযায়ী, কাজ এগিয়েছে মাইকেলনগর পর্যন্ত, তবে আপাতত সেখানে চালানোর ব্যবস্থা হয়নি। প্রধানমন্ত্রীর হাত ধরেই ২২ অগস্ট চালু হচ্ছে আরও দুটি মেট্রোপথের সম্প্রসারণ। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসাত রুটের উদ্বোধন করবেন। দেড় বছর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশ উদ্বোধন করেছিলেন মোদি। তখন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় ভ্রমণও করেছিলেন তিনি। এবারে আসছেন নতুন পথকে চালু করতে। রবিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদির সফরসূচি জানানোর পাশাপাশি রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে থাকার বিষয়েও সরব হন শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ— রাজ্যের জমি নীতি স্পষ্ট না থাকায় এবং প্রশাসনের অনীহার কারণে ৪৩টি প্রকল্পে কাজ থমকে আছে।
শমীক আরও অভিযোগ করেন, সেক্টর ফাইভ থেকে শহরের সংযোগ এখনও বন্ধ আছে চিংড়িঘাটার কারণে।
স্থানীয় মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বললে তিনি আশ্বাস দিয়েছেন, তাঁর অংশে সমস্যা নেই। তবে দমকল মন্ত্রীর দায়িত্বে থাকা অংশে জট রয়ে গিয়েছে। এছাড়াও কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশের অসহযোগিতা তিনটি পিলারের কাজ আটকে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
২২ অগস্টের সফরে কলকাতার মেট্রো মানচিত্রে যুক্ত হচ্ছে তিনটি নতুন রুট। যশোহর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত প্রধানমন্ত্রীর নিজস্ব মেট্রো সফর নিঃসন্দেহে বড় আকর্ষণ। একইসঙ্গে অরেঞ্জ ও গ্রিন লাইনের সম্প্রসারণে শহরের যোগাযোগ আরও সহজ হবে। তবে রাজ্যে আটকে থাকা একাধিক প্রকল্পের প্রশ্নে রাজনৈতিক বিতর্কও জিইয়ে রাখছে এই সফর।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?