সময় কলকাতা ডেস্ক:- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরই আদালতে অনুমতি পত্র পেশ করেছে ইডি। আগামী ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীকে।
রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম জানতে পারেন ইডি আধিকারিকরা। মন্ত্রীর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।
এরপরই এই টাকার উৎস কী, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। চলতি মাসের শুরুতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
তবে তাতে রাজভবন অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি। কিন্তু বুধবার সেই জট কাটল। রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে এবার বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল বোস। ফলে কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে আর কোনও বাধা রইল না।
এর আগে মন্ত্রীকে একাধিকবার ইডি তলব করলেও এড়িয়ে গিয়েছেন তিনি। দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এসবের মাঝেই এবার আগামী ১২ সেপ্টেম্বর সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রনাথকে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি