Home » বৈষ্ণোদেবী যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস; নিহত ১, আশঙ্কাজনক বহু

বৈষ্ণোদেবী যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস; নিহত ১, আশঙ্কাজনক বহু

সময় কলকাতা ডেস্ক:- বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার জম্মু–পাঠানকোটগামী হাইওয়েতে তীর্থযাত্রীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। উত্তর প্রদেশের কাটরা থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইকবাল সিং আমরোহা নামে এক যাত্রীর। আহত হয়েছেন ৩৯ জনেরও বেশি। আহত যাত্রীদের উদ্ধার করে সাম্বা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের বিজয়পুর এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামেন স্থানীয় মানুষ ও পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, চাকা পিছলে গাড়িটি সোজা খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সরকারের তরফে এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন। বৈষ্ণোদেবীর পথে দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই এই রাস্তায় ঘটে বহু দুর্ঘটনা। চলতি বছরের ২১ জুলাই রিয়াসি জেলায় ভূমিধসে আহত হয়েছিলেন ১০ জন।

বারবার একই পথে দুর্ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে। তীর্থযাত্রীদের যাত্রা নিরাপদ করতে সরকার কী পদক্ষেপ নেবে, নজর এখন সেই দিকেই।

About Post Author