সময় কলকাতা ডেস্ক:- গত সাড়ে তিনমাসের মধ্যে এই নিয়ে তিনবার বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বাংলায় এসেই সোনার বাংলা নয়, শ্যামাপ্রসাদের বাংলা বানানোর বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দমদমের সেন্ট্রাল জেল ময়দায় থেকে একাধিক ইস্যুতে শাসকদলকে আক্রমণ শানান।
শুক্রবার সকালেই বিহারে যে বীজ বপন করে এসেছিলেন, বাংলায় এসে সেই বীজেই কার্যত জল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দেগে মোদি বলেন, তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে।
বিহারের মতোই বাংলায় দাঁড়িয়েও দুর্নীতি বিরোধী বিলের প্রসঙ্গ টেনে আসেন মোদি। নিশানা করেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে।
জনসভা থেকে রাজ্যের শাসকদলকে আক্রমণ শানিয়ে মোদি বলেন, ‘বাংলার জন্য যে টাকা সরাসরি রাজ্য সরকারকে পাঠানো হয়, তার বেশির ভাগ লুট হয়ে যায়। এই জন্য জনকল্যাণে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ।
মোদি বলেন, যত দিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, তত দিন বাংলায় উন্নয়ন থমকে থাকবে।
দমদমের সভা থেকে বাংলায় নতুন স্লোগান তোলেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, বাঁচতে চাই, তাই বিজেপি চাই! বাংলার মানুষের কাছে মোদির আবেদন, বাংলার গৌরবময় অতীত ফেরাতে তৃণমূলকে সরাতে হবে।
মোদি বলেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপির কাছে রোডম্যাপ রয়েছে। বাংলার মানুষের কাছে মোদির বার্তা, বাংলায় বিজেপির সরকার বানান। বিজেপি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা বানিয়ে দেবে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। বঙ্গ বিজেপি ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে বাংলায় নিজেদের ভোটব্যাঙ্ককে একত্র করছে, সেই অভিযোগ করছে তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আগামী বিধানসভা ভোটের আগে আরও এই মেরুকরণের পথে হাঁটবে কি বঙ্গ বিজেপি? সেই প্রশ্ন উঠেছে। সেই তর্জার মাঝেই শুক্রবার প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদের বাংলা গড়ার ডাক দিলেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?