Home » তল্লাশিতে বাজেয়াপ্ত বহু নথি, ৪৫ লক্ষ টাকা, চাপ বাড়ল সুজিতের

তল্লাশিতে বাজেয়াপ্ত বহু নথি, ৪৫ লক্ষ টাকা, চাপ বাড়ল সুজিতের

ইডির স্ক্যানারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিতের দফতর-সহ কলকাতার ১৩ জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত বহু নথি, ৪৫ লক্ষ টাকা! জানাল ইডি। কোথা থেকে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা স্পষ্ট করে কিছু জানায়নি ইডি। মন্ত্রী সুজিতের দফতর বা সংস্থা থেকে কোনও টাকা আটক করা হয়েছে কি না, বা করলে কত পরিমাণে, তারও কোনও উল্লেখ ইডির বক্তব্যে নেই।
রাজ্য রাজনীতির অন্দরে ফের তোলপাড়। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে শুক্রবার সকাল থেকে একযোগে ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। কখনও অফিস, কখনও বা রেস্তোরাঁ। খোদ দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসেই ২০ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে মধ্যরাতে বেরিয়েছে ইডি। ইডি কর্তারা সুজিত বসুর অফিসের একাধিক নথি, কম্পিউটার এবং ইলেকট্রনিক নানান ডিভাইস পরীক্ষা করেন। এছাড়াও তল্লাশি চালানো হয় সুজিত-পুত্র সমুদ্র বসুর বাইপাস সংলগ্ন একটি ধাবায়। তল্লাশি চলেছে সুজিত ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি, গোডাউনেও। মোটের উপর ইডি যে অ্যাকশনে নেমেছিল, তাতে কোনও সন্দেহই নেই।
শুক্রবার দিনভর তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করে নথি-তথ্য, বেশ কিছু জমি-সম্পত্তির কাগজপত্র, একাধিক মোবাইল, ট্যাব এবং ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস। আর সর্বোপরি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে মোট ৪৫ লক্ষ টাকা। সেই নিয়ে শনিবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা জানিয়েছে, যে ১৩টি জায়গায় শুক্রবার তারা তল্লাশি চালিয়েছে, তার মধ্যে রয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর এবং সংস্থা। শহরের ১৩টি জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪৫ লক্ষ টাকা এবং নথিপত্র। তবে সেই নগদ নিয়ে কোনও ব্যাখ্যা মেলেনি। ওই টাকা কোথা থেকে মিলেছে, তা স্পষ্ট করে কিছু জানায়নি ইডি। সুজিতের দফতর বা সংস্থা থেকে কোনও টাকা আটক করা হয়েছে কি না, বা করলে কত পরিমাণে, তারও কোনও উল্লেখ ইডির বক্তব্যে নেই। নথিগুলি কোথা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, তা নিয়েও কিছু স্পষ্ট করেনি ইডি।

About Post Author