Home » জন্ম ও মৃত্যু সংক্রান্ত জাল শংসাপত্র চক্রের হদিস, গ্রেফতার ১

জন্ম ও মৃত্যু সংক্রান্ত জাল শংসাপত্র চক্রের হদিস, গ্রেফতার ১

Oplus_131072

সানী রায়, সময় কলকাতা, ১৩ নভেম্বর : চোখ ছানাবড়া হওয়ার জোগাড় পুলিশ -প্রশাসনের।  এসআইআর প্রক্রিয়ার মাঝে জন্ম মৃত্যু সংক্রান্ত জাল শংসাপত্র চক্রের হদিস।উত্তরবঙ্গে আবার বড়মাপের জাল চক্রের হদিস। উত্তরবঙ্গের খড়িবাড়ির পরে আরও এক জন্ম মৃত্যু শংসাপত্রের চক্রের খোঁজ পেল পুলিশ। শিলিগুড়ি মহকুমার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের সন্ধান মিলতেই বিধান নগর থেকে গ্রেফতার এক যুবক।

একদিকে যখন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর  ( SIR )নিয়ে চৰ্চা তুঙ্গে তখন খড়িবাড়ির পর এবার ফাঁসিদেওয়ার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস।  জাল শংসাপত্র চক্রের হদিস মিলতেই যাকে  গ্রেফতার করেছে পুলিশ তার নাম সুব্রত ঘোষ ওরফে লিটন। সে বিধান নগরের শান্তি পাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে, অভিযুক্ত দীর্ঘ চার বছর ধরে সে পাইকপাড়া এলাকায় অনলাইনের দোকান চালাত। রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগরের পাইকপাড়া এলাকায়।  তল্লাশি চালাতেই চোখ কপালে উঠেছে পুলিশকর্মীদের। অনলাইন ব্যবসার কেন্দ্র দোকানের আড়ালে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের খোঁজ মেলে। এরপরেই এই ঘটনায় দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেফতার করে। প্রসঙ্গত ইতিমধ্যেই খড়িবাড়ির জাল শংসাপত্র পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট চক্রের হদিস পেয়ে পুলিশ ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে।  সেই ঘটনার সঙ্গেও জড়িত রয়েছে রয়েছে এই যুবক। সূত্রের খবর ধৃতের দোকান থেকে দুটি কম্পিউটার,একটি ল্যাপটপ, রেটিনা স্ক্যানার, থাম্ব স্ক্যানার, পেন ড্রাইভ, ১০টি সরকারি সিল সহ একাধিক জাল নথি  বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়।  গোটা ঘটনার সরেজমিনে তদন্তে  দার্জিলিং জেলা পুলিশ।

জাল শংসাপত্র চক্রের হদিস #জালশংসাপত্রচক্রেরহদিস

About Post Author