সানি রায়, সময় কলকাতা : প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার জন্য দায়ী মানুষ। মানুষের গড়ে তোলা বিচার ব্যবস্থা যখন অপরাধীকে শাস্তি দিতে খাবি খায়, তখন নেমে আসে প্রকৃতির খড়্গ। দেখা দেয় প্রকৃতির প্রতিশোধ । প্রকৃতি অনায়াসে নিজের ধারায় বিচার করে শাস্তি দেয় অপরাধীকে । উত্তরবঙ্গের ওদলাবাড়িতে আইন ভেঙে ট্র্যাক্টর দিয়ে নদী থেকে চলছিল বালি তোলার কাজ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতীরা একদিকে চম্পট দিতে উদ্যত হতেই ট্রাক্টরকে গিলে ফেলল নদী। জেসিবি এনে উদ্ধার করতে হল বালি-মাফিয়াদের ট্র্যাক্টর। বাজেয়াপ্ত ট্রাক্টর।
বালি-মাফিয়া ও দুষ্কৃতীদের রমরমা চলছেই, পুলিশের অভিযান টের পেয়ে নদী পার হয়ে পালানোর চেষ্টা করল তারা। প্রকৃতি দেবী বিরূপ হয়ে ওঠায় শেষরক্ষা হল না। ঘিস নদীর মাঝ জলেই আটকে গেল ট্রলি সহ ট্রাক্টর। বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগে শেষ পর্যন্ত ট্রাক্টরটি বাজেয়াপ্ত করল মালবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওদলাবাড়ির ঘিস নদী এলাকায়।
বর্ষাকালে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঘিস নদীতে ট্রলি সহ ট্রাক্টর দিয়ে বেআইনি বালি উত্তোলন চলছে, এমন খবর পেয়ে অভিযান চালায় মালবাজার থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই ট্রাক্টরের চালক দ্রুত নদী পার হয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু নদীর মাঝজলেই আটকে যায় ট্রাক্টরটি। এরপরই চালক ট্রাক্টর ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর ট্রাক্টরটি উদ্ধারে ঘটনাস্থলে আনা হয় জেসিবি। প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় নদীর মাঝজল থেকে ট্রলি-সহ ট্রাক্টরটি উদ্ধার করা হয়।
বর্ষাকালে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশ রক্ষায় বালি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি থাকলেও তা অমান্য করে বেআইনি কারবারের অভিযোগ মাঝে মধ্যেই সামনে আসে। এদিনের পুলিশি অভিযানের পর নদী থেকে বেআইনি বালি উত্তোলন রুখতে প্রশাসনের নজরদারি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। নতুবা প্রকৃতির প্রতিশোধ তো রয়েছে!
আরও পড়ুন ফাঁদে চিতা বাঘ, স্বস্তি চা- বাগানে


More Stories
সিকিম থেকে ফিরবে না ওরা ৯ জন, নিরন্ন -বিষন্ন কিলকোটের ১১ নম্বর লাইন
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে