Home » লঘু অপরাধে কুকুরশাবককে পিটিয়ে খুন, প্রতিবাদী দম্পতিকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি নেতার পরিবার

লঘু অপরাধে কুকুরশাবককে পিটিয়ে খুন, প্রতিবাদী দম্পতিকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি নেতার পরিবার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারি : এক কুকুর শাবককে পিটিয়ে মারা হল, কুকুরটিকে প্রাণে বাঁচানোর শেষ চেষ্টা করতে যাওয়া ও ঘটনার প্রতিবাদ করা দম্পতিকে বেধড়ক মারধর করল স্থানীয় বিজেপি নেতার পরিবার। মধ্যমগ্রাম – গঙ্গানগর দোহারিয়া এলাকার ঘটনা। অভিযোগ দায়ের হলেও এখনও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নি বলেই অভিযোগ উঠছে।

Oplus_131072

অভিযোগ,দোহারিয়া পিয়ারাবাগানে অমানবিকভাবে লঘু কারণে কুকুর পিটিয়ে খুন করে বিজেপি নেতা বড়কা পালের পরিবার। এই অমানবিক ও নৃশংস কাণ্ডের নেতৃত্ব দেয় বড়কা পালের ভাই বিশ্বজিৎ ও তার স্ত্রী। অভিযোগ, কুকুরটিকে বাঁচাতে গেলে জনৈক দম্পতিকেও  প্রকাশ্যে মারধর করে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে কুকুরটিকে পিটিয়ে মারা হয় সেই কুকুরটি কাউকে আক্রমণ করে নি। শিশু কুকুরটির অপরাধ যে, সে যখন এলাকার অন্য কুকুরদের আক্রমণে ভীতসন্ত্রস্ত ও প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন দুর্ঘটনাবশত কলহরত কুকুরদের মধ্যে আটকে পড়ে একটি স্থানীয় বাচ্চা মেয়ে। প্রাণভয়ে আতঙ্কিত আক্রান্ত কুকুরটি তাকে ভয় পেয়ে কামড়ে দেয়। অতঃপর পাড়ার কুকুরদের চেয়েও দাঁত মুখ বের করে কুকুরটিকে আক্রমণ করে পাড়ার কিছু নিষ্ঠুর মানসিকতার ও নিজেদের বাহুবল জাহির করতে উদ্যত লোক। অমানবিক ভাবে পেটানো হয় কুকুরটিকে। কুকুরটিকে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচাতে চেষ্টা করেছিলেন ঘোষ দম্পতি – সুরজিৎ ও নন্দিতা। তাঁরা পথ পশুদের জন্য কাজ করে এমন একটি এনজিওতে খবর দিয়েছিলেন। এই অপরাধে আক্রান্ত হতে হয় তাঁদের। অভিযোগ, নন্দিতাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়,আত্মরক্ষা ও প্রতিবাদ করতে গেলে ঠোঁট মুখ ফাটিয়ে দেওয়া হয় সুরজিতের। আক্রান্তরা চিকিৎসাধীন ছিলেন, প্রাথমিক চিকিৎসার পরে তারা আপাতত সুস্থ। “দাদাগিরি”কোন পর্যায়ে পৌঁছলে কুকুর ও মানুষদের উপরে এরকম আক্রমণ নেমে আসতে পারে জানিয়ে শিউরে উঠছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত কুকুরটির ময়নাতদন্ত হয়েছে। প্রশাসন এখনও ঠুঁটো জগন্নাথ বলেই অভিযোগ উঠছে। অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব থাকায় কি পুলিশ অমানবিক ও নৃশংস আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম, উঠছে প্রশ্ন।

অভিযুক্তদের ছবি ও আক্রমণের ফুটেজ: দীপ সেন

আরও পড়ুন বারাসাত এক নম্বর ব্লক : ঠাসা-ভিড়ে আতঙ্কিত তীর্থের কাকদের শুনানি চলছে!

About Post Author