Home » বারাসাত এক নম্বর ব্লক : ঠাসা-ভিড়ে আতঙ্কিত তীর্থের কাকদের শুনানি চলছে!

বারাসাত এক নম্বর ব্লক : ঠাসা-ভিড়ে আতঙ্কিত তীর্থের কাকদের শুনানি চলছে!

Oplus_131072

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৫ জানুয়ারি : মাছি গলতে পারবে না। আতঙ্কিত তীর্থের কাকদের শুনানি চলছে! আদালতের নাম বারাসাত এক নম্বর ব্লকের বিডিও অফিস।

লোকে লোকারণ্য। মাথা গোনা দায়। বারাসাত এক নম্বর ব্লকের শুনানির কেন্দ্র বিডিও অফিসের ছবি দেখলে চমকে উঠতে হবে। ছোটজাগুলিয়ার প্রশাসনিক দফতর মাছের বাজার বললে কিছুই বলা হয় না। মোহনবাগান ইস্টবেঙ্গল ফুটবল ম্যাচ, ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ, শ্রীভূমি বা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো, হজ বা মহরম, গঙ্গাসাগর মেলা, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা কোথায় লাগে!এরকম ধারাবাহিক ভিড় কোথাও নেই! প্রতিদিন হাজার হাজার মানুষের জমায়েত, সুচাগ্র পরিমান ফাঁকা জায়গা নেই। ফাঁকা জায়গা থাকবেই বা কী করে! জানুয়ারির চতুর্থ সপ্তাহের শেষ শনিবার পর্যন্ত বারাসাত এক নম্বর ব্লকে ৭০ হাজার মানুষের হিয়ারিং এর নোটিশ পড়েছে। তাঁদের পালা করে আসতে হচ্ছে বিডিও অফিসে। পাশাপাশি, একদিনে পাঁচ হাজার হিয়ারিং হওয়ায় চরম হয়রানির অভিযোগ উঠছে। এক একজন ভোটারকে তিনবার বা তার বেশিও হেয়ারিং এ ডাকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবুও ভোট নয় – ভোটার তালিকায় নাম থাকা বড় বালাই!

উল্লেখ্য,বারাসাত এক ব্লকে ২ লক্ষ ৬২ হাজার ভোটারের বসবাস। বিস্তীর্ণ এলাকার মানুষের বাস এখানে। বিডিও অফিস এমন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষকে আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে। অনেকেই বলছেন, বুথ ভিত্তিক শুনানি হলে সব কাজ রেখে আসতে হত না। বারাসাত ১ নম্বর ব্লকের বাসিন্দা ও প্রচুর সংখ্যায় দিনগত উপার্জনের অর্থে জীবনযাপন করা মানুষদের চোখে জল আসার জোগাড়।হিমশিম খাচ্ছেন মানুষ। সবচেয়ে বড় বিষয়, এসআইআরে শুনানিতে যাদের ডাক পড়েছে তাঁদের মধ্যে অধিকাংশ মানুষের বক্তব্য যে -তাঁদের নাম ২০০২ এর তালিকায় ছিল এবং বানানে সামান্য সমস্যা নিয়ে তাঁদের হাজির হতে হয়েছে। তথাপি পৌঁছে কিছুক্ষনের মধ্যেই কাগজ জমা দিয়ে ছাড়া পেলে রক্ষা ছিল, ঘন্টার পর ঘন্টা ঠাসাঠাসি ভিড়ে তাঁরা দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছেন আতঙ্ক নিয়ে – চূড়ান্ত তালিকায় নাম উঠবে তো! কালীঘাট বা ফুরফুরা শরীফ কোথায় লাগে! আতঙ্ক -হয়রানি নিয়ে তীর্থের কাকের মত দিন গুজরান বঙ্গের ভোটারদের! চাতক পাখির মত চেয়ে আছেন তাঁরা!

তীর্থের কাকদের শুনানি চলছে #বারাসাত #এসআইআর

আরও পড়ুন এসআইআর : বারাসাতে পথ অবরোধ, চিন্তিত প্রশাসন! জনতার ক্ষোভ কতটা যুক্তিযুক্ত?

About Post Author