সময় কলকাতা ডেস্কঃ আধুনিক বাংলা চলচ্চিত্রে একাধিক বার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।তাঁর বিভিন্ন উপন্যাস এবং ছোটগল্পের আধারে নির্মিত হয়েছে বাংলা সিনেমা৷সত্যজিৎ রায়,তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ-বাংলা চলচ্চিত্রের মহীরূহরা যেন বারংবার আঁকড়ে ধরেছেন রবীন্দ্রনাথের অমূল্য সব সৃষ্টিকে। একের পর এক ছবিতে সত্যজিৎ ফিরে গিয়েছেন রবীন্দ্রনাথের কাছে।শুরুতেই বলতে হবে ‘চারুলতা’ এবং ‘তিন কন্যা’র কথা।রবি ঠাকুরের জন্মশতবর্ষে ১৯৬১ সালেই রবীন্দ্রনাথের তিনটি ছোটগল্প ‘সমাপ্তি’, ‘পোস্টমাস্টার’ ও ‘মণিহার’ নিয়ে সত্যজিৎ তৈরি করেন ‘তিন কন্যা’।এরমধ্যে ‘সমাপ্তি’ পায় ভারতীয় রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং ‘পোস্টমাস্টার’ ও ‘মণিহার’ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় মেলবোর্ন ও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘চারুলতা’ ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে।রবীন্দ্রনাথের গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত এই কাহিনীচিত্রটিও সকলের মন জয় করে নেয়।‘দ্য নিউইয়র্কার পত্রিকায়’ এই ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক পেনেলোপে গিলিয়ট।১৯৮৫ সালে রবীন্দ্রনাথের উপন্যাস ‘ঘরে বাইরে’র চলচ্চিত্রায়ন করেন সত্যজিৎ।এই ছবির হাত ধরেই শেষ হয় সত্যজিৎ রায়ের সিনেমার রবীন্দ্র পর্ব।ভারতের জাতীয় চলচ্চিত্র উৎসব এবং দামাস্কাস চলচ্চিত্র উৎসবে এটি পুরষ্কার লাভ করে।

পরিচালক তপন সিনহার সিনেমাতেও বার বার দেখা গিয়েছে রবীন্দ্রনাথের সৃষ্টি৷রবীন্দ্রনাথের কালজয়ী ছোটগল্প অবলম্বনে ১৯৫৭ সালে তপন সিনহা বাংলায় তৈরি করেন ‘কাবুলিওয়ালা’।আফগান মুলুক থেকে আসা কাবুলিওয়ালা রহমত ও বাঙালি শিশুকন্যার মিনির আশ্চর্য অসমবয়সী বন্ধুত্বের এই গল্প নিয়ে কাজ হয়েছে বলিউডেও।চার বছর পর বিমল রায় হিন্দিতে তৈরি করেছিলেন ‘কাবুলিওয়ালা’।

১৯৬৫ সালে রবীন্দ্রনাথের আরও একটি গল্পনির্ভর ছবি বানান পরিচালক তপন সিনহা।এরপর শুন্য দশকে এল ঋতুপর্ণ ঘোষের ছবি ‘চোখের বালি’।সেই প্রথম বাংলা ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেল বলিউডের গ্ল্যামারাস ঐশ্বর্য রাইকে।মহেন্দ্রর চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,আর বিহারীর চরিত্রে টোটা রায় চৌধুরী।২০১১-তে রবি ঠাকুরের নৌকোডুবি উপন্যাস অবলম্বনে এল পরিচালকের আরও একটি ছবি।মূল চরিত্রে ছিলেন রাইমা, যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ, রিয়া সেন।২০১৩ সালে মুক্তি পেল সুমন মুখোপাধ্যায়ের ছবি শেষের কবিতা।বাঙালির প্রেম আখ্যানের বাইবেল শেষের কবিতা।ছবিতে অমিত রায়ের ভূমিকায় ছিল রাহুল বোস।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র