সময় কলকাতা ডেস্ক : সম্মান ফিরিয়ে ‘প্রতিবাদ’ গবেষক-লেখিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অ্যাকাডেমির পুরস্কার ঘোষণায় পরেই সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছিলেন লেখক এবং সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস। তিনি জানিয়েছিলেন , রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনটিতেই কবিতাকে ‘সামগ্রিকভাবে’ অসম্মান করায় তিনি ‘বিরক্ত’। একই ভাবে ‘প্রতিবাদের’ পথে হেঁটেছেন বিশিষ্ট লেখিকা ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে সাহিত্য অ্যাকাডেমি অবিবেচকের সিদ্ধান্ত নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রচনার মান সাহিত্য-পদবাচ্য নয়। মুখ্যমন্ত্রীর বাংলা অ্যাকাডেমির পুরস্কার পাওয়ার ‘প্রতিবাদে’ এবার ২০১৯ সালে বাংলা অ্যাকাডেমির দেওয়া অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিচ্ছেন রত্না রশিদ বন্দোপাধ্যায়।
উল্লেখ্য,পঁচিশে বৈশাখ উদযাপনের সরকারি মঞ্চ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমির বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত জানান। মঞ্চে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সভাপতি ব্রাত্য বসু নিজেই মুখ্যমন্ত্রীর হয়ে পুরস্কার গ্রহণ করেন। বাংলা অ্যাকাডেমির পক্ষে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘ কবিতা বিতানের ‘ কথা মাথায় রেখে তাঁর নিরলস সাহিত্য সাধনার জন্য তাঁর এই পুরস্কার। এবার থেকেই শুরু হয়েছে বিশেষ পুরস্কার প্রদান।

অতঃপর সরাসরি প্রতিবাদের রাস্তায় হেঁটেছেন অনাদিরঞ্জন বিশ্বাস ও রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি বিষয়ক বহু একক গবেষণা রয়েছে।বহু পুরস্কারও তিনি পেয়েছেন। ২০০৯ সালে বাম আমলে তিনি বাংলা অ্যাকাডেমির পুরস্কার পেয়েছিলেন ।তৃণমূলের শাসনকালে ২০১৯ সালে বাংলা অ্যাকাডেমির অন্নদাশংকর স্মারক পুরস্কার ও তিনি পেয়েছেন। মঙ্গলবার বর্ধমানে তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলনে রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় জানান, অন্নদা শংকর স্মারক সম্মান তিনি ফিরিয়ে দিচ্ছেন।২০০৯:সালের সম্মান ফেরানোর কথা না বললেও একটি পুরস্কার তিনি ফেরাবেনই। কারণ হিসেবে তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্মান করেন কিন্তু তাঁকে অ্যাকাডেমির বিশেষ পুরস্কার দেওয়া ‘অবিবেচকের’ কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রচনার ‘স্ট্যান্ডার্ড ‘নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর কাছে পরিপক্ক সিদ্ধান্ত আশা করার কথা বলেন। পুরস্কার দিলেই বা মুখ্যমন্ত্রী নেবেন কেন, তাঁর বিস্ময়জড়িত প্রশ্ন। “প্রতিবাদ ” হিসেবেই তিনি তাঁর প্রাপ্ত সম্মান ফেরাচ্ছেন উল্লেখ করেই রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সিদ্ধান্ত তিনি বদলাবেন না।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ