Home » অশনির প্রভাবে ক্ষতিগ্রস্ত ফসল, চিন্তায় কৃষকরা

অশনির প্রভাবে ক্ষতিগ্রস্ত ফসল, চিন্তায় কৃষকরা

সময় কলকাতা ডেস্ক: অশনির চোখ-রাঙানিতে ক্ষতিগ্রস্ত বসিরহাটের বিস্তীর্ণ এলাকা। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে ধান ও সব্জি ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফলে কপালে ভাঁজ কৃষকদের।

বসিরহাটের এক নম্বর ব্লকের শিবহাটি সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা, মেরুদন্ডী, কামারহাটি, অমরকাটিসহ বিস্তীর্ণ এলাকার মাঠ ভরা ছিল পাকা ধান এবং অন্যান্য ফসলে। সেই ধান ঘরে তুলতে পারেননি বেশীরভাগ কৃষকরা। ঘূর্ণিঝড় অশনির জেরে গত বেশ কয়েকদিনের বৃষ্টিতে ধানক্ষেতে জমেছে জল। ইতিমধ্যেই সেই ধানে পচন ধরতে শুরু করেছে। অন্যদিকে সবজি ক্ষেতে জল জমে যাওয়ায় পটল, লঙ্কাসহ বিভিন্ন সবজিতেও ধরেছে পচন। কি করবেন ভেবে পাচ্ছেন না কৃষকরা।

লাভের আশায় ঋণ নিয়ে চাষ করেন বহু কৃষক। কিন্তু শেষ বেলায় ফসল ঘরে তোলার আগেই তা মাঠেই নষ্ট হয়ে যাবে ভাবতে পারেননি তারা। এখন সেই ঋণের টাকা কিভাবে শোধ করবেন সেই চিন্তায় কৃষকরা।

তবে কৃষকদের কোন বিপদে পড়তে হবে না। তাদের পাশে রয়েছে রাজ্য সরকার। যেসব কৃষকদের ধান এবং সবজির ক্ষতি হয়েছে, তাদের অবিলম্বে মহকুমা কৃষি দপ্তরে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে প্রসাশন। সেখান থেকেই মিলবে সুরাহা জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। প্রশাসন ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। কিন্তু তার পরিমাণ কতটা। তাতে কি আদেও মিটবে ক্ষতির বহর! সেই প্রশ্ন বসিরহাট মহকুমার ক্ষতিগ্রস্ত চাষীদের।

About Post Author