Home » এবার কেষ্ট গড়ের দায়িত্ব নিতে চান তৃণমূলের মদন

এবার কেষ্ট গড়ের দায়িত্ব নিতে চান তৃণমূলের মদন

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা অনুব্রত মণ্ডল কাউকে দেখেই আগামীদিনে পঞ্চায়েত ভোট হবে না। পঞ্চায়েত ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। নিউটাউনের এক হোলি উৎসবের অনুষ্ঠানে যোগদান করে  আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এইভাবেই মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বিজেপির উদ্দেশ্যে হুশিয়ারির সুরে বলেন, তারা যদি ভেবে থাকে  অনুব্রত মণ্ডল জেলে আছে বলে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে তা হলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এদিন তাঁকে এই অনুষ্ঠানে খোশ মেজাজেই পাওয়া যায়।

বর্তমানে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি দিল্লিতে ইডির হেফাজতে। এতদিন তাও তিনি আসানসোলের জেলে বন্দি ছিলেন। কিন্তু এবার তাঁর নিজের গড় বীরভূমেই প্রশ্ন উঠছে কী ভাবে অনুব্রত পঞ্চায়েত ভোটের আগে সংগঠন সামলাবেন? বীরভূমের দলের হাল ধরার ইচ্ছার কথা জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনিও বিগত দিনে জেলে ছিলেন। এবার সেই মদনই বীরভূমে কেষ্টর ফেলে যাওয়া গড় সামলাতে চান।

তিনি আরও বলেন, একটা অনুব্রতকে নিয়ে গেলে হাজার হাজার অনুব্রত, আমরা সবাই রয়েছি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, কিন্তু হাজারটা মদন মিত্র, দেবাংশু তৈরি রয়েছে।  আমাকে দিন না, আমি একমাস বীরভূমে থেকে ভোট করাতে রাজি আছি। অনুব্রতর হাতে তৈরি মাটি। সেই মাটি কিন্তু বদলায়নি। রাঙা মাটি যেমন শক্ত ছিল তেমনই আছে। সেটা ভোটের দিন বোঝা যাবে। আমি বীরভূমের দায়িত্ব নিতে রাজি। এরপরই মদনের হুঙ্কার, অনুব্রতহীন বীরভূম এমনটা নয় কিন্তু। বিজেপি যদি ভেবে থাকে তৃণমূল লিডারদের ফাঁকা করে দেব। তবে বলছি আমরা রক্তবীজের বংশধর। আমাদের রক্ত এক ফোঁটা পড়লে সেখানে ১০ লাখ তৃণমূলকর্মী তৈরি হয়।

About Post Author