Home » শিল্প করিডর থেকে কর্মসংস্থান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিল্প করিডর থেকে কর্মসংস্থান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে বুধবার নবান্নে এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক শীর্ষকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পপতিরা। বৈঠকের পর রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে বেশ কয়েকটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন আগামী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিনক্ষণও। জানিয়েছেন আগামীদিনে রাজ্যের শিল্পের উন্নয়নের একাধিক পরিকল্পনাও।

বুধবার মুখ্যমন্ত্রী জানান, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রচার হবে। এর জন্য তিনি দায়িত্বও ভাগ করে দেন এদিন। মুম্বইয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রচারের দায়িত্বে থাকবে ফিকি। চেন্নাইয়ের দায়িত্বে সিআইআই, দিল্লির দায়িত্বে অমিত মিত্র, কর্ণাটকের দায়িত্বে আইসিসি এবং অন্যান্য রাজ্যের দায়িত্বে হর্ষ নেওটিয়াদের মতো শিল্পপতিরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বিশ্ববঙ্গ সাংস্কৃতিক উৎসব করা যেতে পারে। তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডাটা সেন্টার হিসেবে ক্রমশ উঠে আসছে বাংলা। আরও লজিস্টিক হাব হবে। আমাজনের সাতটি লজিস্টিক হাব আছে বাংলায়, ১২ হাজার লোক কাজ করছেন। এবার ফ্লিপকার্ট এসেছে কল্যাণীতে, আরও অনেক কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ৪১ হাজার নতুন কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকার ঋণ দেবে। পাশাপাশি তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় অফিস খুলছে। আগামী ২১ মার্চ মউ সাক্ষর হবে। তিনি জানান, ৩৫ লক্ষ বর্গফুট জমি নিচ্ছে ওই সংস্থা, ৩০ হাজার কর্মসংস্থান হবে।

শিল্প করিডর নিয়ে বলতে গিয়ে তিনি ডানকুনি থেকে হলদিয়া, ডানকুনি থেকে রঘুনাথপুর ও ডানকুনি থেকে কল্যাণী করিডরে কোথায় কোথায় শিল্প আছে তা চিহ্নিত করতে বলেন। উত্তরবঙ্গের মালদাতেও শিল্প করিডর হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যে শিল্পায়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শিল্পপতিরা যাতে সহজেই জমি পান সেই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে রাজ্য। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, টাটা-হিতাচি জামশেদপুর থেকে তাঁদের কারখানা সরিয়ে খড়গপুরে চলে আসছে। এছাড়া মেট্রোর কোচ তৈরি হচ্ছে বাংলায়। ওয়াগন শিল্পেও এগিয়ে বাংলা।

About Post Author