সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ: কলকাতার ধর্মতলায় শহিদ মিনারের তলায় অনশন করছেন ডিএ আন্দোলনকারীরা। শনিবার আন্দোলনকারীদের সমর্থনে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি একদিনের প্রতীকী অনশন করছিলেন ধরণা মঞ্চে। এদিন বিকেলে যখন তিনি উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন তখনই ঘটল অঘটন। আচমকাই মঞ্চে উঠে আসেন এক যুবক। ভাঙড়ের বিধায়কের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছোড়েন ‘সংখ্যালঘুদের জন্য আপনি কী করেছেন?’ এরপর জবাবের প্রত্যাশা না করেই তিনি সজোরে ধাক্কা মারেন নওশাদকে। সঙ্গে সঙ্গেই অনশন মঞ্চে শোড়গোল পড়ে যায়। যদিও অনশন মঞ্চে থাকা লোকজন ওই ব্যক্তিকে প্রতিহত করেন। তবে ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে।

নওশাদ সিদ্দিকি যখন অনশন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তখন অনেকেই ভিডিও করছিলেন। ফলে ভাঙড়ের বিধায়ককে ধাক্কা মারার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই এক যুবক দর্শকাশন থেকে উঠে আসেন অনশন মঞ্চে। এরপরই নওশাদকে প্রশ্ন করেন, ‘সংখ্যালঘুদের জন্য আপনি কী করেছেন?’ নওশাদও কিছু বলতে শুরু করেছিলেন, কিন্তু তার আগেই ধাক্কাধাক্কি শুরু করে দেন ওই যুবক। এমনকি নিজের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখানোর চেষ্টা করেন ওই যুবক। এরপরই অনশনকারীদের কয়েকজন ছুটে এসে নওশাদকে আড়াল করেন। আর কয়েকজন ওই অজ্ঞাতপরিচয় যুবককে ধরে ফেলেন। সূত্রের খবর, ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ
ঘটনার পর আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ বলেন, পরিকল্পনা করেই এই আন্দোলনকে ভূলুন্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ এখানে যারা আছেন তাঁরা সকলেই শিক্ষিত। তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। এখন পুলিশের কাজ হল প্রকৃত সত্যটা জনসমক্ষে নিয়ে আসা। ডিএ অনশন মঞ্চের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ভাঙড়ের বিধায়ক। তাঁর কথায়, এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। দুঃখের বিষয় নিরাপত্তাই বিঘ্নিত হল এখানে। তবে তিনি কটাক্ষ ছুঁড়ে বলেন, আশা করি আগামীদিনে নিরাপত্তা আরও বাড়ানো হবে। না হলে আদালতের কাছে পুলিশকে জবাবদিহি করতে হবে।

অপরদিকে, আন্দোলনকারীদের একাংশের দাবি, নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েই অনশন মঞ্চের কাছাকাছি ছিলেন ওই যুবক। তাঁর নাম-পরিচয় জানা না গেলেও সম্ভবত আক্রমণকারীর বাড়ি বাঁকুড়ায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনশন মঞ্চে ও বাইরে থাকা মানুষজনের মধ্যে। আন্দোলনকারীদের একাংশ হাতজোড় করে ক্ষমাও চাইতে দেখা যায়। তবে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক