Home » পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত তথ্য জোগাড় শুরু রাজ্য নির্বাচন কমিশনের

পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত তথ্য জোগাড় শুরু রাজ্য নির্বাচন কমিশনের

সময় কলকাতা ডেস্ক,১৭ জুনঃ সুপ্রিম কোর্টে শুনানির আগে স্পর্শকাতর বুথের তালিকা সংক্রান্ত তথ্য জোগাড় শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শনিবার দুপুরের মধ্যেই সব জেলা থেকে স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় জেলাশাসকরা নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে। জানা গিয়েছে, জেলাশাসকদের উদ্দেশে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন যে, শনিবার দুপুর একটার মধ্যে এই তালিকা পাঠাতে হবে। ২২ জেলার জন্য বিশেষ পর্যবেক্ষক আই এ এস অফিসার নিয়োগ করছে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন ফাইল করা হয়ে গিয়েছে। সোমবার সকালে বোঝা যাবে সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি হবে। আইনজ্ঞদের মতে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট যদি স্পর্শকাতর বুথের তালিকা চায় তার জন্যই আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রাজীব সিনহা। যাতে সবটা হাতের কাছে থাকে। স্বাভাবিকভাবে বলাই যায়, সুপ্রিম কোর্টের শুনানির জন্য রসদ জোগাড় করা শুরু করে দিল কমিশন। এখন দেখার শীর্ষ আদালতে কী হয়।

প্রসঙ্গত,রাজ্যে সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। শুধু রাজ্য সরকার নয়, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে স্পেশাল লিট পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনও।পঞ্চায়েত ভোটে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ শুক্রবার রাতেই অনলাইনে মামলা দায়ের করে নবান্ন ও রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন   পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও কমিশন

কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের কাছে রিক্যুইজিশন পাঠাতে হবে। সেই সময়সীমার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন। রাজ্যের মতে, বাংলায় এমন পরিস্থিতি নেই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করাতে হবে।কলকাতা হাইকোর্টের ওই রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টে আবেদনের ব্যাপারে প্রাথমিক আলোচনা সেরে রেখেছিল নবান্ন ও নির্বাচন কমিশন। তারপর আদালতের রায় হাতে পাওয়ার পর কমিশনের কর্তারা বৈঠকে বসেন। নবান্নেও বৈঠক হয়। তারপর নথি তৈরি করে পিটিশন দাখিল করতে চলেছে নবান্ন ও নির্বাচন কমিশন।

উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছিল, রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন ইতিমধ্যে যে সব জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে রিক্যুইজিশন পাঠানো হোক। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের দাবি, পঞ্চায়েত মামলা চলাকালীন কমিশন একটি বা একাধিক জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করে কোনও রিপোর্টই পেশ করেনি। সে রকম কোনও প্রাথমিক মূল্যায়নও করেনি রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে থেকে কোনও সুরাহা না পেলে রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার পথ খোলা রাখছে। এ বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করা শুরু করেছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ায় তৃণমূল পৌঁছে গেল এক নম্বরে, একদিনেই মনোনয়ন জমা পড়ল ৪০ হাজার

About Post Author