সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ আগামী ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। আর তা চলবে ১১ আগস্ট পর্যন্ত। শনিবার জানিয়ে দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সূত্র মারফত জানা গিয়েছে, এই বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি আইন। নতুন সংসদ ভবনের উদ্বোধন হলেও, বাদল অধিবেশনের প্রথম কয়েকটা দিন পুরনো ভবনে বসতে পারে বলে জানা গিয়েছে। পরে নতুন ভবনে অধিবেশন বসবে বলে জানানো হয়েছে। কার্যত সেকারণেই এই বাদল অধিবেশন ঐতিহাসিক হতে চলেছে। বাদল অধিবেশন রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ দ্বিতীয় মোদি সরকারের পর আর মাত্র একটি পূর্ণাঙ্গ অধিবেশন পাবে। তা হল শীতকালীন অধিবেশন। তাই সরকার যদি অভিন্ন দেওয়ানি বিধি বা অন্য কোনও বিতর্কিত বিল পেশ করতে চায়, সেটার জন্য এটাই সেরা সময়।
আরও পড়ুন মণিপুরে মুখ্যমন্ত্রী পদে থাকছেন এন বীরেন সিং’ই, মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেললেন স্থানীয়রা

সংসদের এই অধিবেশনেই আবার দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েও বিতর্ক হওয়ার সম্ভাবনা। তবে মূল ফোকাস রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি আইনেই। কেন্দ্র সরকারি সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত করা হচ্ছে। তা পেশ করা হতে পারে আগামী ৫ আগস্ট। আসলে এই ৫ আগস্ট মোদি সরকারের জন্য ঐতিহাসিক। এই ৫ আগস্টই সংবিধানের ৩৭০ ধারা বাতিল হয়েছিল। আবার এই ৫ আগস্টই রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুটিই ছিল বিজেপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি। এবার তৃতীয় বড় নির্বাচনী প্রতিশ্রুতিটিও ৫ আগস্টই পূরণ করার চেষ্টা করতে পারে মোদি সরকার।

আরও পড়ুন সব সূচি বাতিল করে কোচবিহার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
সুত্রের খবর,এবারের বাদল অধিবেশনে সরকারের তরফে বেশ কয়েকটি নতুন বিল পেশ করা হতে পারে। এর মধ্যে রয়েছে দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের জারি করা অধ্যাদেশ সংক্রান্ত বিলটি। পাশাপাশি এবারের বাদল অধিবেশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিলটিও পেশ করার সম্ভাবনা রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ রায় দেয়। যদিও এরপরে কেন্দ্র অধ্যাদেশ জারির মাধ্যমে সেই ক্ষমতা দখল নেয়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?