সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ সোমবার-মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক। বিরোধী জোটের মেগা বৈঠকে যোগ দিতে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের প্রথম দিনেই বিরোধী শিবিরের নৈশভোজে দেখা গেল এক ‘পাওয়ারফুল’ ছবি। নৈশভোজে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির ঠিক পাশের চেয়ারটিই ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ। তৃণমূল সুপ্রিমো ও কংগ্রেস নেত্রীর পাশাপাশি এদিন নৈশভোজে হাজির ছিলেন এম কে স্ট্যালিন, রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, উদ্ধব ঠাকরে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন পাঁচতারা হোটেলে নৈশভোজের আয়োজন করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।বিরোধীদের এই মেগা বৈঠক ঘিরে সাজো সাজো রব বেঙ্গালুরুতে।

প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধীদের একজোট করার চেষ্টা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতাকে। এই ‘মহাজোট’-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করে রাজনৈতিক মহল। এর আগে ২৩ জুন পাটনায় বিরোধী বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তবে সেই বৈঠকে ছিলেন না সনিয়া। সেখানে যদিও এসেছিলেন রাহুল গান্ধি। এবার ব্যাঙ্গালুরুর বৈঠকে কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ডিনার টেবিলে পাশাপাশি সনিয়া-মমতা। বেঙ্গালুরুতে পাশাপাশি বসে ডিনার ও মমতা-সনিয়ার ‘ইউনাইটেড বার্তা’ জাতীয় ও রাজ্য রাজনীতির মোড় আগামী দিনে কোনদিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন দিল্লিতে এনডিএ বৈঠক,উপস্থিত থাকবেন এনডিএ-র শরিক ২৪টি দলের প্রতিনিধিরা

যদিও বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এখন আর ‘সুসম্পর্ক’ নেই। কিছুদিন আগেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় তুমুল অশান্তির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় লক্ষ্য করা গিয়েছে,বাম-কংগ্রেস এক জোটে শাসক দল তৃণমূলকে আক্রমণ করছে। পাল্টা তৃণমূলও আক্রমণ চালিয়েছে। কিন্তু বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিজেপি বিরোধী বৈঠকে কংগ্রেস-তৃণমূল-সিপিএম পাশাপাশি। সনিয়ার সঙ্গে মমতার সখ্যতা যে এখনও অটুট তা এই ছবি দেখলেই বোঝা যায়। মঙ্গলবার বিরোধীদের মূল বৈঠক রয়েছে। পাটনার থেকেও এই বৈঠক আরও বড় হতে চলেছে। এখানে ২৬টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল যোগ দিয়েছে। আর সেই বৈঠক ঘিরে পাল্টা শক্তি প্রদর্শনের রাস্তায় হেঁটেছে বিজেপিও। দিল্লিতে বিজেপির নেতৃত্বে ৩৮ দলের বৈঠক ডেকেছে এনডিএ জোট। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, সনিয়া-মমতা পাশাপাশি আসা যে জোরালো বার্তা দেবে তা বলার অপেক্ষা রাখে না।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের