Home » ডেঙ্গি আক্রান্ত বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

ডেঙ্গি আক্রান্ত বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট: বঙ্গে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের এবং মৃতের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত হলেন বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অটোগ্রাফ ছবির গানের ছন্দে পরিচালক নিজেই ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাই প্লেটলেট…’। তারই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘কনফার্মড’। পরিচালকের ওই পোস্টেই দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। এমনকী তাঁর অনুরাগীরাও দ্রুত আরোগ্য কামনা করেছেন। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার ঋজু! আমারও ডেঙ্গি হয়েছিল এবং আমি জানি যে এটা কেমন দুর্বল করে দেয়। আশা করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।’

জানা গিয়েছে, নতুন ছবি ‘দশম অবতারের’ শুটিং শেষ করার পর থেকেই প্রবল জ্বরে ভুগছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গেও যাওয়ার কথা ছিল ছবির টিমের। পরিচালকের শরীর এতটাই খারাপ ছিল যে, উত্তরবঙ্গের শুটিংও বাতিল করতে হয়। এরপর তিনি ডেঙ্গু টেস্ট করালে শনিবার তা পজিটিভ আসে। প্লেটলেট অনেকটাই কমে গিয়েছে। সূত্রের খবর, আপাতত চিকিৎসকের পরামর্শ মতই বিশ্রামে রয়েছেন সৃজিত।

আরও পড়ুন           দক্ষিণ দমদমে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কড়া গাইডলাইন জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

প্রসঙ্গত, এবারের পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’। শুটিং প্রায় শেষের দিকেই। তারই মধ্যে ডেঙ্গি আক্রান্ত হলেন সৃজিত মুখোপাধ্যায়। বড়পর্দায় দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তির পরেই ব্যোমকেশের টিজার ওটিটিতে প্রকাশ্যে এসেছে। ‘দুর্গরহস্য’ পরিচালনা করেছেন সৃজিত। এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল আগস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব ও রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র। তবে ‘হইচই’-এ এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক কবে এই সিরিজ মুক্তি পাবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি।

About Post Author