সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকের শুক্রবার দ্বিতীয় দিন। এদিন মুম্বইয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে গিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠক। এই বৈঠকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার নয়া লোগো। ইন্ডিয়া জোটের মোট ৯টি লোগো করা হয়েছিল। যার মধ্যে ৩টি নির্বাচিত করা হয়েছে। সেই ৩টি মধ্যে থেকে একটি স্থির করা হবে বলেই জানা গিয়েছে। ২ অক্টোবর দিল্লির রাজঘাট থেকে ইন্ডিয়ার মূল কর্মসূচি শুরু হওয়ার কথা ঘোষণা হতে পারে। সূত্রের খবর, শুক্রবারের বৈঠক থেকেই ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যস্তরে কীভাবে দলগুলির আসন বণ্টন হবে, তার পদ্ধতি ঠিক করে ফেলবে ‘ইন্ডিয়া’ জোট। একইসঙ্গে ইন্ডিয়া জোটের তরফে নরেন্দ্র মোদীর বিপক্ষে কাকে দাঁড় করানো হচ্ছে, তা নিয়েও বিস্তর আলোচনা হতে পারে বৈঠকের দ্বিতীয় দিনে।
আরও পড়ুন ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকে ভাগাভাগি হতে চলেছে আসন

মুম্বইতে দু’দিন ব্যাপী এই বৈঠকের ডাক দিয়েছে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। আয়োজকের তালিকায় রয়েছে কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছে মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে। এই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বী, সোনিয়া ও রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরির মত নেতারা। বৃহস্পতিবার ছিল ‘ইন্ডিয়া’ জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক। জানা গিয়েছে, তিন দলের নেতারা দুদিন রাজ্য ও জেলা ভিত্তিক আলোচনা করবেন। জোটের বার্তাবাহী একটি স্লোগানও চালু করা হতে পারে। কথা হবে যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফরমুলা নিয়ে। শুক্রবারের ভার্চুয়াল মাধ্যমে মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে।
আরও পড়ুন কলেজ ক্যাম্পাসে গঞ্জিকা সেবনের ভিডিও ভাইরাল

জানা গিয়েছে, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে। এর পাশাপাশি জোটের বিভিন্ন দলের মধ্যে সমন্বয় রাখার জন্য ১১ সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হবে এই বৈঠকে। এছাড়াও প্রচারের মতো বিভিন্ন বিষয়গুলি দেখার জন্য কমপক্ষে ৫টি অন্যান্য কমিটি তৈরি করার বিষয়ে আলোচনা করা হবে। সুত্রের খবর, দিওয়ালির আগে আরও একটি বৈঠক হতে পারে। যদিও ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠক পাঞ্জাবের অমৃতসরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন নেতা চাইছেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। মুম্বইয়ে তৃতীয় বৈঠকের সময় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকাকে জোটের পতাকা হিসাবে গ্রহণ করার চিন্তাভাবনা করা হবে। সূত্রের খবর, মু্ম্বইয়ে তৃতীয় বৈঠকের পরেই ইন্ডিয়া জোটের দেশজুড়ে সভা-সমাবেশ পর্ব শুরু হতে পারে।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?