Home » নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৮ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুজো মিটতেই ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দেওয়ার নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে হবে তাঁকে। দলীয় সূত্রে খবর, হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন     AFC CUP: এএফসি কাপে ধাক্কা, বসুন্ধরার বিরুদ্ধে হার মোহনবাগানের

প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা। এসবের মাঝেই এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দেয়, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’

আরও পড়ুন   ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইলে সরষে চিকেন

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি-র স্ক্যানারে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এমনকী অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলবও করেছে ইডি। কয়েকদিন আগেই ইডি, সিবিআই আধিকারিকদের আদালতে ডেকে পাঠান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকী ২৫ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সব ডিরেক্টর ও উচ্চ পদস্থ কর্মীদের সম্পত্তির খতিয়ান কোর্টে জমা দেয় ইডি। সেখানে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জানতে চান বিচারপতি। কেননা লতা তিনিও লিপস অ্যান্ড বাউন্ডসের অন্যতম ডিরেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। এরপরই ২৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত তথ্য আদালতে জমাও দেন।

About Post Author