Home » বাগানের দৈত্যদের বামন বানিয়ে চার গোল দিল গোয়া

বাগানের দৈত্যদের বামন বানিয়ে চার গোল দিল গোয়া

সময় কলকাতা ডেস্ক, ২৪ ডিসেম্বর : ঘরের মাঠেও মোহনবাগানের দৈত্যরা বড় ব্যবধানে হারকে অভ্যাসে পরিণত করে তুলেছে। হেরেই চলেছে সত্তর কোটির মোহনবাগান। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হারের দুদিন পরে এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার চারদিন আগে শনিবার যুবভারতীতে গোয়ার কাছে চার গোল খেল মোহনবাগান। দুরন্ত ফুটবল উপহার দিল গোয়া।আর টানা দু ম্যাচে হার এবং চার গোল গোল খেয়ে আইএসএল পয়েন্ট টেবিলে আরও এক ধাপ নীচে নেমে গেল সবুজ মেরুণ।

শনিবার ফ্রীকিক থেকে পেট্রোতাসের একটি অসামান্য গোল ছাড়া এ ম্যাচে মোহনবাগানের বলার কিছুই ছিল না। মাঝেমাঝেই বড় ব্যবধানে হার যেন অভ্যেস করে ফেলেছে মোহনবাগান। টিমের মাথা ভারী করে প্রীতম কোটাল, ম্যাকহিউদের ছেড়ে ডিফেন্স দুর্বল করে ফেলেছে সত্তর কোটির মোহনবাগান। স্ট্রাইকাররা গোল না পেলে ডিফেন্স তাসের ঘরের মত ভেঙে পড়ছে মোহনবাগানের। তারমধ্যে গত ম্যাচের তিনটি লালকার্ডের পরে আরও দুর্বল হয়ে পড়েছে মোহনবাগান। এএফসি ম্যাচে ব্যর্থতার পরে আইএসএলে জোড়া হারের পরে ফেরান্দো, সাদিকুদের নামে গো ব্যাক স্লোগান উঠল যুবভারতীতে।

মোহনবাগান ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেলেও এফসি গোয়া ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল। মোহনবাগানকে ডিফেন্সকে নিয়ে এদিন ছেলেখেলা করলেন মরক্কো জাতীয় দলে খেলা ফরোয়ার্ড নোয়া। দু গোল করলেও আরও বেশ কয়েকবার গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন নোয়া। গোলমুখ খুলেও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেন নি।গোল করার বিষয়ে এদিন নোয়া পঞ্চাশ শতাংশ সুযোগও কাজে লাগালে মোহনবাগানকে আরও অনেক বড় ব্যবধানে হারাতে পারত গোয়া। এছাড়া উদান্তাকে বেশ ভয়ঙ্কর দেখাল। এদিন প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় এফসি গোয়া। এদিন দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। মনবীর সিং ও অনিরুদ্ধ থাপার ভুলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন ।।

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটে ছিটকে গেলেন রুতুরাজ, ডাক পেলেন বাংলার ওপেনার

About Post Author