সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক রাজেশ আগরওয়াল-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহত বহু। জানা গিয়েছে, বিজেপিশাসিত মধ্যপ্রদেশের হারদা জেলার বইরাগড় এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে অবৈধ বাজি কারখানাটি চলত। মঙ্গলবার সেই কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ১০-১৫টি পরপর জোরালো বিস্ফোরণ ঘটে কারখানাটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের ঘটনায় আশপাশে থাকা অন্তত ৬০টি বাড়ি পুড়েছে।
আরও পড়ুন কোষ্টকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ম্যাজিকের মত কাজ করবে মেথির জল
বিস্ফোরণের তীব্রতা এদিন এতটাই ছিল যে, মৃতদের মধ্যে কয়েক জনের হাত-পা উড়ে গিয়ে আধ কিলোমিটার দূরে পড়েছে। কয়েক জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ৪০ কিলোমিটার দূর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে। তড়িঘড়ি ১০০টি বাড়ি ফাঁকা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৪ জনকে ভোপাল এবং হোসাঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ১৪০ জন আহতকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। জানা গিয়েছে, এদিন ঘটনার পরই অভিযুক্ত গাড়ি করে দিল্লি পালানোর চেষ্টা করছিলেন। তাঁর পিছু ধাওয়া করেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় সোমেশ আগরওয়াল ও রফিক খান নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তবে, কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বিজেপিকে অতীত স্মরণ করিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে কুণাল কটাক্ষ করে লিখেছেন, ”কি বিজেপি, জঙ্গিদের কারখানার পিছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?” অন্যদিকে, এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি আহতদের দ্রুত চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে মন্ত্রী উদয় প্রতাপ এবং প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!