সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট টেবিলে লাস্ট বয় হয়ে থাকা দুই দলের লড়াই হল তুল্যমূল্য। নেহাত ভাগ্যের জোরে হায়দ্রাবাদ এফসি ম্যাচের বৈতরণী পার হয়ে গেল ইস্টবেঙ্গল। শনিবার নীল জার্সি পরে খেলতে নামা ইস্টবেঙ্গলের গত দুটি ম্যাচের মত এলোমেলো, ছন্নছাড়া ফুটবল না বদলালেও বদলেছে ভাগ্য । কারণ সাসপেনসান কাটিয়ে দলে ফিরেছিলেন ক্লেটন। তিনি ১১ মিনিটে নিশু কুমারের হেড থেকে জয়সূচক গোল করে ইস্টবেঙ্গল দলের অতি মূল্যবান তিনটি পয়েন্ট তুলে আনেন। এই তিন পয়েন্ট পাওয়ায় ১৫ পয়েন্ট হয়ে গেল ইস্টবেঙ্গলের। এক ধাক্কায় তিন ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
নিজামের শহরে ইস্টবেঙ্গলের ভাগ্য ছিল সহায়। কখনও বারপোস্ট আবার কখনও প্রভসুখন গিল, কখনও অনভিজ্ঞতা প্রতিবন্ধক হয়ে দাঁড়াল হায়দ্রাবাদ দলের। নইলে ৬৯ দিন আগে আইএসএলে শেষ গোল করা হায়দ্রাবাদ এফসির শনিবারই গোল খরা কেটে যেত। একা হিজাজি মাহের কতই আর সামাল দেবেন। বাকিদের মধ্যে মন্দার রাও দেশাইয়ের কথা না বললেই নয়। অনভ্যস্ত সেন্টার ব্যাক পজিশনে তাঁকে বারবার হারিয়ে দিচ্ছিল আইএসএলে একটিও গোল না থাকা হায়দ্রাবাদ দলের সদস্যরা। ক্লেটন, নিশু আর কিছুটা ভাসকোয়েজ ছাড়া বাকিরা শুধুই হতাশা বাড়ালেন। নন্দাও ছিলেন ব্যর্থ।
খেলার শেষ দিকেও চাপ বাড়াচ্ছিল আর্থিক সমস্যায় ডুবে থাকা দলটির ফুটবলাররা। হায়দ্রাবাদের দুজন ফুটবলার সংযোজিত সময়ে লাল কার্ড দেখায় হায়দ্রাবাদের চেষ্টা নির্বিষ হয়ে যায়। ইস্টবেঙ্গল জিতলেও মন জেতে নি, হৃদস্পন্দন বাড়িয়েছে সমর্থকদের। এরকম পারফর্ম করলে আগামী ম্যাচে ইস্পাতনগরী থেকে ভালো ফর্মে থাকা জামশেদপুর এফসির বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার আশা সফল হওয়ার সম্ভাবনা কম বলাই বাহুল্য এবং সাপলুডোর মত ওঠা পড়ার আইএসএল পয়েন্ট টেবিলে আর বেশিদূর যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো ইস্টবেঙ্গল দলের।।
আরও পড়ুন কেরালাকে একমাত্র গোলে হারাল চেন্নাইয়ান


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র