Home » Lok Sabha Election 2024: রাজ্যে আট কেন্দ্রে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি পূর্ব মেদিনীপুরে, উত্তপ্ত ঘাটাল

Lok Sabha Election 2024: রাজ্যে আট কেন্দ্রে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি পূর্ব মেদিনীপুরে, উত্তপ্ত ঘাটাল

সময় কলকাতা ডেস্ক, ২৫ মেঃ  দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৬ রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট আটটি লোকসভা কেন্দ্র- তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরে ভোটগ্রহণ চলছে। ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি লোকসভা আসনে বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। শনিবারের  ভোটে রাজ্যে আট কেন্দ্রে  মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে ২৩৭ কোম্পানি‌ কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। ওই জেলার নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন।‌ কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে রাজ্যের ছয় জেলায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। এ ক্ষেত্রেও, কুইক রেসপন্স টিমের সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুরেই। 

আরও পড়ুন   ষষ্ঠ দফার লোকসভা ভোট : দেখে নিন ভোটের বিস্তারিত তালিকা এবং সাত সতেরো

এই দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেব, সৌমিত্র খাঁ, সুজাতা মণ্ডল, অগ্নিমিত্রা পল, জুন মালিয়া,অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য- সহ একাধিক হেভিওয়েট নেতাদের। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকেই তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুর থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এদিন সকালে ঘাটালের করঙ্গাপোতায় স্থানীয়দের বিক্ষোভের মুখে হিরণ। বিজেপি প্রার্থী বুথে যাওয়ায় শান্তি বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বেআইনি জমায়েতের অভিযোগ উঠতেই পুলিশের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়লেন হিরণ। এদিন তাঁর গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। কেউ তেড়ে গেলেন বাঁশ-লাঠি নিয়ে।

অন্যদিকে,পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচার ইজমালিচক এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। তৃণমূল-বিজেপি সংঘর্ষে অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত। তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাঁকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে। এদিকে, উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত ফুলেশ্বর জীবনকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ইভিএম মেশিনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নামের উপর সাদা স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পুরুলিয়ার বান্দোয়ানের কুঁচিয়া বুথে তৃণমূলের এজেন্ট মৃণাল মাণ্ডিকে মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 

#LokSabhaElection2024

#Latestbengalinews

About Post Author