Home » মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন : বাইডেনের কোভিড এবং কমলা হ্যারিস

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন : বাইডেনের কোভিড এবং কমলা হ্যারিস

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৮ জুলাই : একটি তাৎপর্যপূর্ণ ঘটনার আগে এবং পরে আরও কিছু ঘটনা থাকে। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আর সাড়ে তিনমাস বাকি।  মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন প্রাক্কালে  কোভিড আক্রান্ত জো বাইডেন।ফলশ্রুতি,খুলে যাচ্ছে অন্য ঘটনাক্রমের উৎসমুখ। দেখা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সরাসরি ভারতীয় যোগসূত্র ঘটার সম্ভাবনা । কি হতে পারে? রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে  কেন ভেসে উঠেছে কমলা হ্যারিসের নাম?

জো বাইডেন আগেই জানিয়েছিলেন, একমাত্র একটি শর্তেই তিনি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে আসতে পারেন। এই শর্ত হিসেবে তিনি শারীরিক কারণের কথা উল্লেখ করেছিলেন। আর এরমধ্যেই মার্কিন প্রেসসচিব কেরিন জো পিঁয়ারি নিশ্চিত করলেন প্রেসিডেন্ট কোভিড আক্রান্ত। আশ্চর্য সমাপতন হিসেবে বিষয়টিকে দেখা হলেও জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে আসতে বলছিল তাঁর নিজের দল। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী বাইডেনকে আগেও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় বেশ অগোছালো দেখিয়েছে। মাঝেমাঝেই তিনি বিভিন্ন প্রসঙ্গে ও বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক উল্লেখে ভুলভ্রান্তি করেছেন। ৮১ বছর বয়সী প্রেসিডেন্টকে দ্বিতীয়বার টানা একই পদে বিবেচনা করা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলে মনে করছিল ডেমোক্রেটদের একটি বড় অংশ। কিন্তু তবুও অটুট ছিলেন বাইডেন। প্রশ্ন হচ্ছে, এবার কি তিনি সরে দাঁড়াবেন প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে? তা যদি হয় তাতে কি ডেমোক্রেটিক দলের লাভ হবে? নাকি অসুবিধা বাড়বে?


একথা ঠিক যে রাষ্ট্রপতি নির্বাচনের বেশ কিছুটা সময় বাকি। আবার এক হিসেবে, এত বেশি সময় নেই যে নতুন করে নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সামনে আনা যায়। উল্লেখ্য, মার্কিন দেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবছর নভেম্বর মাসের ৫ তারিখ। কিন্তু ডেমোক্রেটরা অনেক দিন আগেই বলতে শুরু করেছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভবিষ্যতের রাষ্ট্র প্রধানের মুখ। হোয়াইট হাউস আগেই বলেছিল, কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যত। বাইডেন রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে এলে তাঁকেই দেখা যায় ডেমোক্রেট প্রার্থী হিসেবে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে প্রথম আমেরিকান ভারতীয় হিসেবে প্রেসিডেন্ট হতে পারেন। ইতিমধ্যেই ঘটনা পরম্পরা যেদিকে এগোচ্ছে, কমলা হ্যারিসকে দেখা যেতে পারে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে। ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। অধিকাংশ সমীক্ষায় ট্রাম্প এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে ব্যবধান খুবই সামান্য। যেরকম, সিএনএনের সমীক্ষায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৪৭ শতাংশ। হ্যারিসের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ। অর্থাৎ ভারতীয় মূলের সঙ্গে যুক্ত এক রাষ্ট্রপ্রধান পেতেই পারে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, বাইডেন সরবেন কি? ইতিমধ্যেই বাইডেন বলেছেন, কমলা হ্যারিস পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন। সময় বলবে কি হবে।।

আরও পড়ুন

রক্তঝরা টেক্সাস : যদি প্রেম দিলে না প্রাণে

About Post Author