Home » পাতুরি কিংবা রোস্ট নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধনেপাতা ভেটকি

পাতুরি কিংবা রোস্ট নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধনেপাতা ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই: বাঙালির পাতে মাছের ঝোল কিংবা ঝাল নতুন নয়। ভেটকি মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম সর্ষে ভেটকি বা ভেটকি পাতুরি কারোরই ভাল লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। ভেটকি মানেই কি শুধু পাতুরি? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক ধনেপাতা ভেটকি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ধনেপাতা ভেটকি। ভাতের সঙ্গে একবার এই ধনেপাতা  ভেটকি খেলে আর ভুলতে পারবেন না। ধনেপাতা ভেটকি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   Women Asia Cup T20 : অষ্টম বার এশিয়া সেরার সুযোগ হরমনপ্রীতদের, প্রথমবার ট্রফি জিততে মরিয়া আতাপাত্তুরাও

উপকরণ

ভেটকি মাছ- ৪ টুকরো
পেঁয়াজ-১টা
আদা- এক টুকরো
লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
শাহী গরমমশলা গুঁড়ো-১ চা চামচ
পাতি লেবু- ১টি
রসুন- ৩ থেকে ৪ কোয়া
ধনেপাতা- একটা বড় আঁটি
কাঁচা লঙ্কা- ২টি
টমেটো- ১টি
নুন- স্বাদমতো
টক দই- হাফ কাপ
জিরে- ১ চা চামচ
তেজ পাতা- ২টো
শুকনো লঙ্কা- ২টো
সর্ষের তেল- ১ কাপ

রন্ধন প্রণালী

প্রথমেই মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর নুন ও হলুদ গুঁড়ো মাছে মাখিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে হালকা করে মাছটা ভেজে নিতে হবে। এরপর ধনেপাতা, কাঁচা লঙ্কা ও ২ কোয়া রসুন ভালো করে বেটে নিন। এবার মাছ ভাজার তেলের মধ্যেই অল্প তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিন।একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা ও টমেটো কুচি যোগ করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ফেটানো টক দই, নুন, লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা বাটা দিয়ে দিন। সামান্য একটু জল দিয়ে কড়াইটা ঢেকে দিন। এরপর উপর থেকে পাতিলেবুর রস ও চিনি ছড়িয়ে দিন। একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। গ্রেভি ফুটে ঘন হয়ে হয়ে গেলে উপর থেকে শাহী গরমমশলা গুঁড়ো ছড়িয়ে মিনিট তিনেক ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধনেপাতা ভেটকি।

#ধনেপাতাভেটকি

#CorianderVetki 

#Latestbengalinews

About Post Author