সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা ১৮ সেপ্টেম্বর মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর রবিবার থেকে কাজে ফিরেছেন। নবান্নে হওয়া ওই বৈঠকের নির্যাস লেখা একটি পত্র মুখ্যমন্ত্রীর কাছেও জমা দিয়েছিল জুনিয়র চিকিৎসকেরা। তবে কাজ শুরু করার আগে তাঁরা হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁদের যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তা পূরণ না হলে আবার ধর্নায় ফিরতে পারেন জুনিয়র চিকিসৎসকেরা। এবার তাঁদের অভিযোগ সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতিগুলি যথাযথ ভাবে পালন করা হয়নি। এই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে তাঁরা মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন।

আরও পড়ুন: মিলছে না মর্গ কর্মীর বয়ান, ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্বকে নিয়ে বাড়ছে সন্দেহ
আরজি কর কাণ্ডের সুবিচার এবং সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাজ করার নিরাপদ পরিবেশের দাবি নিয়ে আন্দোলনে বসেছিল জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বেশ কিছু দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে রাজ্য সরকার। বাকি দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাজে ফেরার আহ্বান দিয়েছিলেন মুখমন্ত্রী। তাই নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে এদিন তাঁদের অভিযোগ, বাকি দাবিগুলি সঠিকভাবে পূরণ করা হচ্ছে না। এই বিষয়ে সাত দফা দাবি জানিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল করেছেন জুনিয়র চিকিসৎসকেরা। ইমেলে উল্লেখ করা দাবি গুলি হল—
প্রথমত, সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ বন্ধ করতে হবে। কমিটি গঠন করে কড়া পদক্ষেপ নিতে হবে হুমকির সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে।
দ্বিতীয়ত, রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। এবং ওই কমিটির সদস্য হবে শুধু কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তাররা।
তৃতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব কলেজ কাউন্সিলের একটি বৈঠক ডেকে মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে কলেজ উইনিয়নের ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়।
চতুর্থত, আগামী সাতটি কর্মদিবসের মধ্যে রাজ্যকে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। এই কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের নামে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
পঞ্চমত, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স মোতায়েন করতে হবে। যাঁরা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান করবে।
ষষ্ঠত, আগামী সাতটি কর্মদিবসের মধ্যে কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র্যাগিং প্রতিরোধ কমিটিকে সক্রিয় করে তুলতে হবে। এবং প্রতিটি কমিটিতে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে বেশ কয়েক জনকে প্রতিনিধিত্ব দিতে হবে।
তাঁদের সপ্তমত ও শেষ দাবি, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ মেনে স্বচ্ছ বদলি নীতি কার্যকর করতে হবে।


More Stories
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?