সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ সন্তান প্রসবের পর প্রসূতির মূত্রথলি কেটে ফেলায় মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতার নাম ইশরত জাহান (২৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। ২১ তারিখ সকালে তিনি সন্তান প্রসব করেন। সেই সময়েই ডাক্তারেরা ভুল অস্ত্রোপচার করে প্রসূতির মূত্রথলি কেটে ফেলেছিলেন।
অভিযোগ, প্রসূতির মূত্রথলি কেটে ফেলার পর ডাক্তাররা জানিয়েছেন, তরুণীর কিডনিতে সমস্যা হয়েছে, কখনও বলা হয় তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছে। এরপর শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়, তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যেরা। তরুণীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রোগীর পরিবার এবং এলাকার বাসিন্দারা জড়ো হন। এদিন রাতেই হাসপাতাল চত্বরেই তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয় রোগীর আত্মীয়দের।
মৃতা প্রসূতির পরিজনদের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের দিয়ে প্রসব করানোর ফলে এই বিপত্তি। দাবি করা হয়েছে উপযুক্ত ক্ষতিপূরণেরও। এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রসবের পর তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
আরও পড়ুন স্বপ্নদ্বীপ খুনের মামলায় নতুন মোড়! অবাধে মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ১৫ জন অভিযুক্ত


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?