স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অক্টোবরঃ মহাদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকেন ফুটবলারেরা। গতবার আইএসএল লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। সেই মত শক্তিশালী দল গড়েছিল সবুজ মেরুন ব্রিগেড। অতিরিক্ত বিদেশীও দলে নেওয়া হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ধাক্কা খেল। প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলা হল কলকাতার অন্যতম প্রধান দলকে। কেন এই সিদ্ধান্ত?

ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল মোহনবাগানের। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে খেলতে যায়নি তারা। তার জেরে শাস্তি পেতে হল সবুজমেরুন শিবিরকে। এএফসি জানিয়ে দিয়েছে, মোহনবাগান প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে মোহনবাগানের সব গোল ও পয়েন্ট বাতিল করা হবে গাইডলাইনের ৮.৩ নম্বর ধারা অনুযায়ী। ভারতের অন্যতম প্রাচীন ক্লাব এথনও পর্যন্ত প্রতিযোগিতায় একটি ম্যাচ খেলেছে। রাভশান এফসির বিরুদ্ধে সেই ম্যাচ শেষে হয়েছিল অমীমাংসিত। ফলে দুটি দল একটি করে পয়েন্টের ভাগ পেয়েছিল। সেই পয়েন্টও আর ধরা হবে না। হত ২ অক্টোবর ভারতের ম্যাচ ছিল ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগান খেলতে যায়নি। কারণ তাদের যেদিন ম্যাচ ছিল তার আগের দিন ইরান মিশাইল হামলা চালায় ইসরায়েলে। ফলে মধ্যপ্রাচ্যের এই দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাশাপাশি মোহনবাগনের গুরুত্বপূর্ণ বিদেশীরা অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় ভিসার সমস্যা হয়। সেই দেশের সরকারও ফুটবলারদের ইরানে না যাওয়ার পরামর্শ দেয়। শুধু ভারত ও অস্ট্রেলিয়া নয়, আরও অনেক দেশ নিরাপত্তার কারণে ইরানে যেতে রাজি হয়নি। মোহনবাগানের বাকি বিদেশী ও কোচিং স্টাফদেরও ইরানে না যাওয়ার পরামর্শ দেয় তাঁদের দেশের সরকার।
আরও পড়ুনঃ Women’s T20 World Cup: পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার অঙ্ক এখনও জটিল হরমনপ্রীতদের
মোহনবাগানের প্রায় ৩৩ জন ফুটবলার ইরানে না যাওয়ার আর্জি জানিয়ে একটি আবেদন করে ক্লাবের কাছে। মোহনবাগান সেই আবেদনপত্র তুলে ধরে বিদেশ মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়। শুধু তাই নয় এএফসির কাছে নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজন করার আর্জি জানানো হয়। কিন্তু তাঁদের সেই আবেদন না মঞ্জুর হয়ে গেল। প্রতিযোগিতা থেকে ছেঁটে ফেলা হল মোহনবাগানকে। তবে প্রতিযোগিতায় খেলার আশা এখনও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। মোহনবাগানের আবেদন যাবে এএফসির একটি কমিটির কাছে। সেখানে সবুজমেরুনের আবেদন যথাযথ মনে হলে মোহনবাগানের সামনে প্রতিযোগিতার দরজা খুলে যাবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার