সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: আরজি করে সিনিয়র চিকিৎসকদের ক্রান্তিকারী সিদ্ধান্ত। ধর্মতলায় ১০ দফা দাবিতে সাত জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। তাঁদের এই আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা আরজি করে। ৫০ জনের বেশি সিনিয়র চিকিৎসক একসঙ্গে ইস্তফা দিলেন। লম্বা লাইনে দাঁড়িয়ে একের পর এক ইস্তফা পত্রে সই করলেন তাঁরা। ইস্তফা দিয়ে বাইরে আসতেই সংবাদ মাধ্যমকে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, “ইস্তফা দিয়েছি মানে এই নয় যে রুগীদের চিকিৎসা করব না। এত এত রুগী ফেলে আমরা যাবো কোথায়! এখানেই আছি শুধু সরকারকে একটা হুঁশিয়ারি দিতে এই পদক্ষেপ। হাসপাতলে অনেক ফ্যাকাল্টি রয়েছেন, কার্যত ৫০ নয় এর সংখ্যা আরও বাড়বে।” প্রয়জনে গন ইস্তফার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও ইস্তফা দেওয়ার কথাও জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন: বৃষ্টিতে তছনছ অনশন মঞ্চ, দুর্যোগ মাথায় নিয়েও অনড় জুনিয়ার চিকিৎসকেরা
গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। অবস্থান মঞ্চে বৃষ্টির ট্রিপল ছিঁড়ে পড়লেও অনড় তাঁরা। এবার জুনিয়রদের দাবিদাওয়া যাতে দ্রুত মেনে নেয় সরকার, সেই দাবিতে গণ ইস্তফা দিলেন ৫০ জন সিনিয়র ডাক্তার। ইস্তফা পত্রে তাঁরা লিখেছেন, “সংহতির সাহসী প্রদর্শন করে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন জুনিয়র ডাক্তারদের সমর্থনে। যে জুনিয়র চিকিৎসকেরা বর্তমানে ধর্মতলায় অনশন করছেন। জুনিয়র ডাক্তাররা দশটি সুনির্দিষ্ট দাবি নিয়ে প্রতিবাদ করছেন, এবং তাদের পদক্ষেপ উল্লেখযোগ্য মনোযোগও আকর্ষণ করেছে।” পুজোর আগে সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফা আরজি করের চিকিৎসা পরিষেবার বিষয়ে চিন্তা বাড়াচ্ছে রাজ্য সরকারের।
আরও পড়ুন: যাত্রাগাছি ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের ডিএনএ টেস্টের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার
গত সোমবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন, আগামী ১০ তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে। মুখ্যসচিবের সেই আশ্বাসের পরের দিনই গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আরজি করের সিনিয়র ডাক্তারেরা। সরকারকে হুঁশিয়ারি দিতেই তাঁদের এই সিদ্ধান্ত তাও স্পষ্ট করে দিলেন সিনিয়র চিকিৎসকরা। তবে চিকিৎসা পরিষেবা চলবে। তাঁরা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন না।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
পাটুলিতে শুট আউট, নিহত যুবক