সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ ত্রিধারায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলায় ধৃত ৯ জনকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা খেল কলকাতা পুলিশ। একহাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে অন্তর্বর্তীকালীন জামিন মিলেছে ধৃতদের।

আরও পড়ুনঃ RG Kar: অনশনের মধ্যেই মধ্যরাতে স্নিগ্ধার বাড়িতে পুলিশ
তবে আর কোনও পুজো মণ্ডপে তাঁরা প্রতিবাদ করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি। শুক্রবার সন্ধেবেলা এই খবর ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। হাই কোর্টের নির্দেশ, জামিনপ্রাপ্তরা আর কোনও পুজোমণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানাতে পারবেন না। রাজ্য সরকারের কার্নিভালেও কোনওরকম বাধা দেওয়া যাবে না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের অবকাশকালীন বেঞ্চ এই জামিনের আবেদন মঞ্জুর করেন। তাঁর বক্তব্য, ধৃতদের পুলিশ হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই। তাই অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট। ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে তাঁদের। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন বিচারপতি। ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। রাজ্য সরকারের কার্নিভালে কোনওরকম বাধা দেওয়া যাবে না। পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও প্রতিবাদ জানানো যাবে না। ওই ধৃতরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না।
একইসঙ্গে এদিনের শুনানিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, “ধৃতদের বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে, তাঁর সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। প্রত্যেকের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। রাজ্য চাইলেই সেই অধিকার খর্ব করতে পারে না। ক্ষমতা থাকলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। উপযুক্ত প্রমাণ থাকলে তবেই গ্রেফতার করা যায়।” এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
দুর্গা-অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, মন্দির তৈরির দায়িত্ব কাদের?