স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অক্টোবরঃ ভারতীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে নেহরু-গান্ধি পরিবারের নাম। রীতি মেনেই দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এই প্রজন্মের দুই সদস্য রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া। যদিও সংসদীয় রাজনীতিতে বহুদিন আগে প্রবেশ করেছেন রাহুল। এ বার অভিষেক ঘটল প্রিয়াঙ্কা গান্ধির। দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসন থেকে উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস। বুধবার ভাই তথা ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল ও মা সনিয়াকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা। তাঁদের সঙ্গে ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাজনীতির ময়দানে পা দিয়েছেন অনেকদিন। উত্তর-প্রদেশে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন দলের হয়ে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে নেমেও বারবার সংবাদ শিরোনামে এসেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া। সামলিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ।
এ বার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল সহোদরা। আসন্ন লোকসভা উপনির্বাচনে কেরালার ওয়েনাড থেকে তাঁকে প্রার্থী করেছে দল। ঊনিশের লোকসভা নির্বাচনে আমেঠির পাশাপাশি এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন রাহুল। সে বার আমেঠি হারলেও ওয়েনাড মুখরক্ষা করেছিল কংগ্রেসের তৎকালীন সভাপতির। চব্বিশের নির্বাচনেও দুটি কেন্দ্রে প্রার্থী হন রাহুল। ওয়ানডের পাশাপাশি মায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র রায়বেরিলি থেকে প্রার্থী হন ও বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু দুটি কেন্দ্রে এক সঙ্গে প্রতিনিধিত্ব করা যায় না। ১৯ জুন ওয়েনাড কেন্দ্র থেকে ইস্তফা দেন রাহুল। তারপরেই কংগ্রেসের অন্দরমহলে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার দাবি ওঠে। সেই দাবি মেনেই প্রিয়াঙ্কাকে উপনির্বাচনে প্রার্থী করে কংগ্রেস হাইকমান্ড।
এই কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রধান লড়াই সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তথা দলের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরির বিরুদ্ধে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসকে। যিনি কোঝিকোড় পুরসভার ভোটে দু’বার জয়ী হয়েছেন। আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে এই কেন্দ্রে। গণনা হবে আগামী ২৩ নভেম্বর।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
অভিষেকের দুয়ারে ইডি
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?