Home » Dana Cyclone: ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণে বাতিল একাধিক ট্রেন! লোকাল থেকে এক্সপ্রেস কোন কোন শাখায়,কবে, কখন চলবে না ট্রেন জেনে নিন…

Dana Cyclone: ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণে বাতিল একাধিক ট্রেন! লোকাল থেকে এক্সপ্রেস কোন কোন শাখায়,কবে, কখন চলবে না ট্রেন জেনে নিন…

সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: বুধবার দুপুর থেকেই কলকাতার একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী আগামী কাল, বৃহস্পতিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়তে পারে বঙ্গে। বিশেষ সতর্ক রাজ্য প্রশাসন। গতকাল আটটি রাজ্যে স্কুল কলেজ ছুটির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শিয়ালদহ বিভাগে একাধিক ট্রেন পরিষেবা বন্ধের নির্দেশ দিল রেল মন্ত্রক। আসন্ন দানা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু দূরপাল্লা শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল, এমনটাই জানাল রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: MAMATA BANERJEE: জীবনদায়ী প্রয়োজনীয় ওষুধের দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ক্ষুব্ধ মমতা

কোন কোন লোকাল ট্রেন বন্ধ থাকবে?

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। অনুরুপভাবে ওই দিন সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা দক্ষিণ শাখার কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে না। এর সঙ্গে শিয়ালদহ-বারাসাত-হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ খাবে ট্রেন চলাচল। একই সিদ্ধান্ত পূর্ব রেলেও, ইস্ট-কোস্ট রেল (পূর্ব উপকূলীয় রেল)-এর অনুরোধে পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ওড়িশার পুরীগামী বেশ কয়েকটি ট্রেন।

কোন কোন এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৩ অক্টোবর, বুধবার কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বহু এক্সপ্রেস বাতিল আগামী কালও। ২৪ অক্টোবর, বৃহস্পতিবার পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: Dana Cyclone: মঙ্গলেই জারি ‘দানা’ নিয়ে সতর্কতা, কাল থেকেই বন্ধ একাধিক জেলার স্কুল-কলেজ

এরপর ঝড়ের প্রকোপ শুক্রবার পর্যন্ত থাকার আশঙ্কায় ট্রেন বাতিলের ঘোষণা ২৫ অক্টোবরেও। সেই দিন আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি চলবে না পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনটিও।

About Post Author