Home » বারাসাত কালীপুজো ২০২৪: পুজোর আয়োজন ও আনন্দে বাধ সাধবে প্রকৃতি?

বারাসাত কালীপুজো ২০২৪: পুজোর আয়োজন ও আনন্দে বাধ সাধবে প্রকৃতি?

সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর :  বারাসাত কালীপুজো ২০২৪ : আলোর উৎসবের প্রাক্কালে অন্ধকারের ইঙ্গিত।  আসন্ন কালীপুজোর আকাশে আশঙ্কার কালো মেঘ। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। তাই কালীপুজোর মুখেই ঘূর্ণিঝড়ের বিপদ সংকেতে উদ্বিগ্ন বারাসতের পুজো উদ্যোক্তারা। কালীপুজো বলতে দর্শনার্থীদের প্রথম পছন্দ উত্তর ২৪ পরগনার বারাসত। পুজোমণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোকসজ্জাতেও নজর কাড়ে বারাসতের কালীপুজো। ‌তবে বর্তমানে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিতে পুজো উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে । সঠিক সময় পুজোর মন্ডপসজ্জার কাজ শেষ করে সঠিকভাবে পুজোর আয়োজন করা বারাসাতের বড় কমিটিগুলির এখন বিরাট এক চ্যালেঞ্জ।

আলোর উৎসব শ্যামাপুজোর  আয়োজনে বাধ সেধেছে প্রকৃতি। এহেন অবস্থায় কোনও কোনও পুজো উদ্যোক্তা যুদ্ধকালীন পরিস্থিতিতে  মণ্ডপসজ্জার কাজ যতটা সম্ভব এগিয়ে রাখতে চাইছেন।কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার সম্পূর্ণভাবেই বন্ধ রাখছেন মণ্ডপের কাজ।  তবে বড় পুজো কমিটির পক্ষে থেমে থাকা সম্ভব নয়। ত্রিপল দিয়ে, আচ্ছাদনে ঢেকে আভ্যন্তরীণ  আয়োজন চলছে। মণ্ডপের ভেতরের কাজ জারি। তবে গতি কমেছে। ডানার প্রভাবে বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বিক্ষিপ্ত। এই পরিস্থিতিতে এখন দেখার পুজো উদ্যোক্তারা সঠিক সময় মতো দর্শনার্থীদের সামনে তাঁদের মণ্ডপ সুসজ্জিত করে তুলে ধরতে পারেন কিনা।

ঘূর্ণিঝড়  ডানা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পূর্ণ শক্তিতে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপরে। এদের মধ্যে ব্যতিক্রম নয়  কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বারাসাত। আয়ালা,  আমফান, ফনি বা ইয়াস কোনও ঘূর্ণিঝড়ই উৎসবের সময় আছড়ে পড়ে নি। পুজোর আনন্দে ভাটা পড়ার আশঙ্কা এভাবে দেখাও যায় নি। এবার পরিস্থিতি ভিন্ন। ঘুর্ণিঝড় ডানা  বারাসাতের আলোর উৎসব কালীপুজোয় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। বারাসতের অন্যতম বৃহৎ আকারের কালীপুজো “আমরা সবাই”- সংগঠনের পুজোর প্রধান উদ্যোক্তা অরুণ ভৌমিক কি সাধে বলছেন, ঘূর্ণিঝড়ের কথা জানা ছিল, জানা নেই এই ঝড়ের প্রাবল্য ও প্রভাব!  ডানা তাই বড় এক চ্যালেঞ্জের নাম  ।।

বারাসাত কালীপুজো ২০২৪ #বারাসাত কালীপুজো ২০২৪

আরও পড়ুন মায়ের বকুনির জেরেই আত্মঘাতী ১১ বছরের বালক, ছোটদের মধ্যে কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা?

About Post Author