Home » দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, গঠন করলেন ট্রাস্টি বোর্ডও

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, গঠন করলেন ট্রাস্টি বোর্ডও

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র তিন মাস। তারপরেই আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আর কষ্ট করে সুদূর ওড়িশার নয়, আগামী বছর থেকেই রথ যাত্রা দেখতে দিঘার গেলেই চলবে। দিঘায় শুরু হবে রথযাত্রা। বুধবার পরিদর্শনের পর কেমন হবে মন্দির তাঁর একটা নীলনকশাও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, রথযাত্রার জন্য নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫ লক্ষ টাকা দিয়ে সোনার ঝাড়ুও বানিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার

জগন্নাথ মন্দিরের কাজ কতদূর তা চাক্ষুস প্রত্যক্ষ করতে মঙ্গলবার দিঘা যান মমতা। বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে পৌঁছান। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক, বিধায়ক এছাড়াও বিশেষ অতিথী রূপে গিয়েছিয়েন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, “সমুদ্রসৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকরা ছিলেন। তিন বছর পর সেই কাজ শেষ হল। তিন মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। আগামী অক্ষয়া তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে। আগামী বছর হবে রথযাত্রাও।”

আরও পড়ুন: ইসকনের ভক্ত হওয়ায় খুনের হুমকি! বাঁচতে কাঁটাতার পেরোতেই ভারতে গ্রেফতার বাংলাদেশি নাবালিকা

মমতার আশা আগামী কয়েক হাজার বছর ধরে সমুদ্রতটে জগন্নাথের এই মন্দির দেশের অন্যতম একটি তীর্থধাম হয়ে রইবে। কার্যত এই মন্দির পরিচালনার জন্য দরকার একটি ট্রাস্টি বোর্ডও। মমতা বোর্ডের মূল দায়িত্বে রেখেছেন মুখ্যসচিব মনোজ পন্থকে। তবে মুখ্যমন্ত্রী নিজে সেই বোর্ডে থাকবেন না। বোর্ডের সদস্য হবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দিঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন। মুখ্যমন্ত্রী জানান, ২২ একর জমির উপর মন্দির তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার।

About Post Author