Home » দুর্গাপুজো মণ্ডপে আগুন,মৃত ৬

দুর্গাপুজো মণ্ডপে আগুন,মৃত ৬

সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মাঝেও বিষাদের সুর। সপ্তমীর রাতে মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা। মণ্ডপে ঝলসে গেলেন দর্শনার্থীরা।দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে ঝলসে মৃত্যু হল ছয়জনের। আহত আরও ৬১। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহিতে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, ভদোহি-আওরি রোডের উপরই একটি বারোয়ারি পুজো ক্লাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রবিবার রাত ৯টার পর পুজো মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। সপ্তমী পুজোর আরতি চলছিল সেই সময়। আচমকাই সেখানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা মণ্ডপের সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপরই মণ্ডপে থাকা দর্শনার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। নিজেদের প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি লেগে যায় মণ্ডপে। যার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে উদ্ধারকাজ শুরু হওয়ার আগেই ৬১ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বারাণসীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। সূত্রের খবর,মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন জেলাশসাক গৌরাঙ্গ রাঠি। তিনি আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মূলত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে।

About Post Author