Home » কে হচ্ছেন পরবর্তী চিফ জাস্টিস?

কে হচ্ছেন পরবর্তী চিফ জাস্টিস?

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে ভারতীয় বিচার বিভাগের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া। মঙ্গলবার সরকারিভাবে দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদের জন্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। চলতি বছরের নভেম্বর মাসেই অবসর নেবেন বিচারপতি ইউ ইউ ললিত। দেশের প্রধান বিচারপতি পদে ললিতের মেয়াদ ছিল মাত্র ৭৪ দিন। তার আগেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করলেন বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। চলতি বছরের ২৭ আগস্ট প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি। নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের নির্ধারিত বয়স ৬৫। সেকারণেই আগামী ৮ নভেম্বর ৬৫ বছরে পা দেওয়ার পরই অবসর নেবেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। মঙ্গবার সকালেই চিঠি লিখে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম মনোনীত করেন তিনি। চিঠিতে তিনি লেখেন, ‘আগামী ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের শীর্ষ পদে আসতে চলেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি হবেন ভারতের ৫০ তম প্রধান বিচারপতি। আগামী ২৪ মাসের জন্য তিনিই সুপ্রিম কোর্টের শীর্ষ পদের দায়িত্ব সামলাবেন।‘

আইনজীবী থাকাকালীন মূলত অপরাধ সংক্রান্ত মামলা নিয়েই কাজ করেছেন উদয় ইউ ললিত। যে বিশেষ বিচারবিভাগীয় বেঞ্চ তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছিল, তার অন্যতম সদস্য ছিলেন উদয় ইউ ললিত। ২০১৭ সালে অগস্ট মাসে পাঁচ বিচারপতির বেঞ্চ ওই মামলার রায় দিয়েছিলেন।অন্যদিকে প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরুর প্রথম দিনেই রেকর্ড গড়েছিলেন বিচারপতি ললিত। সুপ্রিম কোর্টে একদিনে মোট পাঁচশোর কাছাকাছি মামলার নিষ্পত্তি হয়েছিল।

About Post Author