সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল: অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জাতীয় দল হিসাবে ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ইলেকশন সিম্বল অর্ডার ১৯৬৮ অনুযায়ী, কোনও আঞ্চলিক দল যদি চারটি বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দল হয়, তা হলে জাতীয় দল হিসাবে মর্যাদা পেতে পারে। অর্থাৎ কোনও রাজনৈতিক দল যদি চারটি বা তার বেশি রাজ্যে লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ৬ শতাংশ পায় তা হলে তাকে জাতীয় দল বলা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে ওই রাজনৈতিক দলকে লোকসভা ভোটে অন্তত ৪ টি আসনে জিততে হবে এবং লোকসভা ভোটে মোট প্রদত্ত ভোটের ২ শতাংশ পেতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাজনৈতিক দল হিসাবে আম আদমি পার্টি এই শর্তপূরণ করছে। কারণ, দিল্লির পাশাপাশি পাঞ্জাবেও তারা সরকারের রয়েছে। গোয়া ভোটে তারা ৬.৭৭ শতাংশ ভোট পেয়েছে। গুজরাতে বিধানসভা নির্বাচনেও আপ ভোট পেয়েছিল ১২.৯১ শতাংশ।

এদিন কমিশনের তরফে জাতীয় দলের তকমা পাওয়ার পরই একটি টুইট করে অরবিন্দ কেজরিওয়াল লেখেন,‘এত অল্প সময়ে জাতীয় দলের মর্যাদা? এটা তো অলৌকিকের চেয়ে কম কিছু নয়। সাধারণ মানুষ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করেন। আমরা যেন ঠিকমতো সেই দায়িত্ব পালন করতে পারি।’

এদিকে,জাতীয় দলের স্বীকৃতি হারাল তৃণমূল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর। তবে বাংলা ছাড়াও ত্রিপুরা ও মেঘালয়ে ঘাসফুলের উপস্থিতিকে স্বীকৃতি দিল কমিশন। শুধু তৃণমূল নয়, জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে সিপিআই, এনসিপি-ও। সিপিআই শুধু জাতীয় দলের তকমা হারিয়েছে তাই নয়, বাংলা ও ওড়িশার আঞ্চলিক দল হিসেবেও আর ধরা হবে না তাদের। একই অবস্থা বামফ্রন্টের আরেক শরিক আরএসপি-রও। তারাও বাংলার আঞ্চলিক দলের স্বীকৃতি খোয়াল।
আরও পড়ুন এগিয়ে গিয়েও গোল হজম ড্র করেই সুপার কাপে অভিযান শুরু লাল-হলুদ!

প্রসঙ্গত, প্রতি ১০ বছর অন্তর দলগুলির স্বীকৃতি খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, জাতীয় দল হতে গেলে দেশের মোট লোকসভা আসনের ২ শতাংশ পেতে হয় ৩ রাজ্য থেকে। কিন্তু তৃণমূলের বাংলার বাইরে কোনও লোকসভা সাংসদ নেই। জাতীয় দল হতে গেলে অন্তত চারটি আলাদা আলাদা রাজ্য থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে অন্তত ৬ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। যেটা তৃণমূল পায়নি।


More Stories
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
অভিষেকের অফিসে ভাঙচুর