সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: ‘চাইলেই বিধায়ককে গ্রেপ্তার করা যায় না’, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারিতে সিবিআইকে তোপ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিয়ম মানেনি সিবিআই। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার। এমনকী প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। টানা তিনদিন জেরার পর সোমবার ভোরে বাড়ি থেকে নবগ্রামের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু একজন বিধায়ককে গ্রেফতার করা হলেও সে বিষয়ে সিবিআই বিধানসভাকে জানায় ২৪ ঘণ্টাও বেশি সময় পর। সোমবার গ্রেফতার করা হলেও মঙ্গলবার দুপুরে বিধানসভায় দেখা যায় সিবিআই আধিকারিকদের। তাঁরা চিঠি দিয়ে বিষয়টা জানান। এতেই ক্ষুব্ধ স্পিকার।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সিবিআই-এর হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত তিনদিন ধরে বড়ঞার এই তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেষে সোমবার ভোর ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ রয়েছে। এদিন সকাল ১১ টা নাগাদ জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এরপরই আদালতে জীবনকৃষ্ণকে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালতে এদিন খারিজ হয়ে যায় সেই আবেদন। এদিকে, তিনদিনের নাটকীয় তল্লাশির পরে অবশেষে পাওয়া গেল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইলটিও। প্রথম মোবাইলটি রবিবার সকাল পাওয়া গিয়েছিল। আর দ্বিতীয়টি পাওয়া গেল সোমবার দুপুর ১২টা নাগাদ। সূত্রের খবর, ওই মোবাইলগুলিতে এমন কিছু তথ্য আছে যা নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড় দিতে পারে। মোবাইল দু’টি হায়দরবাদের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার থেকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, জেরা চলাকালীন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটি ফোন সজরে ছুড়ে ফেলেন তার বাড়ির পিছনে থাকা একটি পুকুরে। তারপর থেকেই ফোনের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন ভাঙড়ে জ্বলন্ত নথির গাদা থেকে উদ্ধার কোল মাইনিং সংক্রান্ত নথি!

সেই ফোনের খোঁজেই দিনভর তল্লাশির শেষে তৃণমূল বিধায়কের বাড়ির পিছন দিকে থাকা একটি পুকুরে পাম্প মেশিন দিয়ে জল তোলার পরিকল্পনা করেন সিবিআই আধিকারিকরা। ভোর থেকে পাম্প করে জল বের করার কাজ শুরু হয়। যদিও সেসময় পুকুর থেকে মোবাইলের খোঁজ না মিললেও জলশূন্য পুকুরে তল্লাশি চালিয়েই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৬টি ব্যাগ উদ্ধার করেন। প্রাথমিক অনুমান, নথিপত্রের ফাইল অথবা নগদ টাকা রাখা রয়েছে ওই ব্যাগগুলিতে। যা থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ