Home » ‘অভিনয় থেকে বিদায় নয়,বিরতি নিচ্ছেন’: সব্যসাচী

‘অভিনয় থেকে বিদায় নয়,বিরতি নিচ্ছেন’: সব্যসাচী

সময় কলকাতা ডেস্ক, ৩ মে: চলতি বছরের গত জানুয়ারি মাসে গোটা টলিপাড়া জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে, অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন আমাদের ছোটবেলার ফেলুদা অর্থাৎ  সব্যসাচী চক্রবর্তী। আমাদের পড়শীদেশ বাংলাদেশ থেকে এমনটাই  ঘোষণা করেছিলেন সব্যসাচী। তারপর থেকেই শোরগোল ছড়ায়। নানান চর্চাও শুরু হয় তাঁকে ঘিরে। হঠাৎ তাঁর এধরনের সিদ্ধান্তে ভেঙ্গে পড়েছিলেন অনুগামীরা। সোশ্যাল মিডিয়াতেও নানান পোস্টে দুঃখপ্রকাশ করতেও দেখা যায় অনেককে। তিনি প্রথম থেকেই সামাজিক মাধ্যমে তেমন ভাবে সক্রিয় নন,ফোন থেকে দূরে থাকতেই তিনি পছন্দ করেন। তাঁর এই অবসরের বিষয়টি সামনে আসতে তিনি তেমন কোনো মতামত প্রকাশ করেননি।

তবে সম্প্রতি কিছু সাক্ষাৎকারে তাঁকে বারবার বলতে শোনা যায় যে তিনি ক্লান্ত। এই বিষয়ে পরে তাঁকে প্রশ্ন করতে তিনি জানান ‘হ্যাঁ আমি সত্যিই ক্লান্ত, পর পর দুইবার আমি করোনাতে আক্রান্ত হয়েছি। আর তারপর থেকেই শরীরে অত জোর নেই’। গত মঙ্গলবার সত্যজিৎ রায়ের জন্মদিনে রায় বাড়িতে উপস্থিত হয়েছিলেন সত্যজিৎ রায়ের ফেলুদা সব্যসাচী। সেখানে তিনি তাঁর অবসর নেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান,’মোটেও আমি একেবারে অবসর নিচ্ছি না, আমার বয়স বাড়ছে, শারীরিক ধকল তো রয়েছে, তাই কিছুদিনের বিরতি নিয়েছি মাত্র, তার মানে এই নয় যে আমি আর অভিনয়ে ফিরবো না’।

আরও পড়ুন  ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

গত জানুয়ারি মাসে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন সব্যসাচী চক্রবর্তী। সেখানেই বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে জানান। ‘আমি আর অভিনয় করতে চাই না।আমার এমনিতেই বয়স বাড়ছে। এখন আমার উচিত নতুনদের জন্য জায়গা ছেড়ে  উচিত’। গত মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমে আরো জানান,’সেদিন আমাকে আমার পরবর্তী ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিলো। সেই প্রসঙ্গেই আমি কিছু টা বিরক্ত হয়ে আমার অবসর নেওয়ার কথাটা বলে থাকি, পরে সেটিকে ভুল ব্যাখ্যা করা হয়’। এর সঙ্গে তিনি আরও বলেন ‘মেনে নিচ্ছি বর্তমানে আমি কাজ কমিয়ে দিয়েছি, তার মানে তো এটা নয় যে আমি আর কাজ করবো না’।

About Post Author