সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংস্থার দায়িত্ব নিলেন কর্নাটক পুলিশের মহানির্দেশক তথা ডিজি প্রবীণ সুদ। সিবিআই প্রধান হওয়ার দৌড়ে বাকি দুজনের থেকে তিনিই এগিয়ে ছিলেন। আগামী ২ বছরের জন্য তাঁকে সিবিআইয়ের দায়িত্ব দেওয়া হল। বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন সুবোধ কুমার জয়সওয়াল। আগামী ২৬ মে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। তাঁর পরিবর্তে ওই পদে কে বসবেন সেই নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। প্রবীণ সুদ ছাড়াও মধ্যপ্রদেশের ডিজিপি সুধীর সাক্সেনা ও ডিজি এনআইএ (NIA) দীনকর গুপ্ত-এর নাম প্রস্তাবিত হয়েছিল।
আরও পড়ুন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ অর্জন করলেন সলমন খান

কিন্তু এই প্রস্তাবে রাজি হননি বিরোধী পক্ষের প্রতিনিধি অধীর চৌধুরী। যার জেরে সিবিআইয়ের পরবর্তী প্রধান নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমান সিবিআই প্রধান সুবোধকুমার জয়সওয়ালের চাকরির মেয়াদ মে মাসের ২৬ তারিখ শেষ হচ্ছে। গতশনিবার পরবর্তী সিবিআই প্রধান বেছে নেওয়ার জন্য বৈঠকে বসেছিল নিয়োগ কমিটি। তিন সদস্যের ওই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

সিবিআই প্রধান হিসাবে তিনজনের নাম প্রস্তাব করেছে কেন্দ্র। কর্নাটকের বর্তমান ডিজিপি প্রবীণ সুদ, ডিজি এনআইএ (NIA) দীনকর গুপ্ত এবং মধ্যপ্রদেশের ডিজিপি সুধীর সাক্সেনা। এদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে এগিয়ে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ। কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে গ্রেপ্তার করার সময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। মনে করা হচ্ছে কর্ণাটকে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলেই প্রবীণকে সরিয়ে দেওয়া হতে পারে। তাই তাঁকে আগেভাগেই সিবিআই প্রধান করা হলো। কিন্তু প্রথম থেকেই প্রবীণ সুদের নামে আপত্তি জানান অধীর। শুধু প্রবীণের নামে নয়, সরকার যে তিনজনের নাম প্রস্তাব করেছে তাঁদের মধ্যে কোনও মহিলা বা সংখ্যালঘু নেই। তাতেই বিশেষ আপত্তি ছিল লোকসভার কংগ্রেস দলনেতার।


More Stories
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী