Home » বিকেল গড়াতেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বিকেল গড়াতেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে: গত সপ্তাহ থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। রবিবার বিকেলের দিকেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকে বাড়ছে তাপমাত্রার পারদ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। হাওয়া অফিস সূত্রে খবর,তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বললেই চলে। আগামী সপ্তাহ থেকে দেশের প্রতিটি রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। যদিও অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭০ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন   কিডনিতে পাথর আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন

পূর্বাভাস বলছে, রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author